হরমুজ প্রণালি পার হতে ‘নিরাপত্তা ফি’ আদায়ের ইঙ্গিত দিল ইরান
ছবি: সংগৃহীত
১১:৫৯ এএম | ১৮ এপ্রিল, ২০২৬
ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি জানিয়েছেন, তেহরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে প্রচলিত পদ্ধতিতে কোনো ফি বা মাশুল আরোপ করবে না। সংবাদমাধ্যম আল জাজিরা মুবাশিরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
রেজায়ি বলেন, ইরানের পার্লামেন্ট বর্তমানে একটি খসড়া আইন প্রস্তুত করছে, যেখানে "প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার" বিষয়ে নির্দিষ্ট ফি নির্ধারণ করা হবে। তিনি আরও জানান, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে কেবল ইরানি কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমেই জাহাজ চলাচল করতে পারবে।
তিনি স্পষ্ট করে জানান, কোনো অবস্থাতেই শত্রুপক্ষের সামরিক জাহাজ, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজকে এই প্রণালি অতিক্রম করতে দেওয়া হবে না। তবে ইরানি বাহিনীর সাথে পূর্ব-সমন্বয় সাপেক্ষে মিত্র দেশগুলোর জাহাজ এই পথ ব্যবহার করতে পারবে। এ ছাড়া, প্রণালি পরিচালনা বা এর নিরাপত্তা নিশ্চিতে যেকোনো ধরনের মার্কিন সম্পৃক্ততা বা হস্তক্ষেপ ইরান প্রত্যাখ্যান করে বলেও জানান তিনি।
এর আগে ইরানি বার্তা সংস্থা ইসনা (ISNA) জানিয়েছিল, ইরানি কর্মকর্তা মাহমুদ নাবভিয়ান বলেছেন, কিছু বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রম করার অনুমতি দেওয়া হবে, তবে তা কেবল নির্দিষ্ট ফি পরিশোধের পরই সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুটি বিষয়ের মধ্যে কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করলেও, নাবভিয়ান প্রণালি খুলে দেওয়ার বিষয়টিকে লেবাননে চলমান যুদ্ধবিরতির সাথে সম্পৃক্ত করেছেন।
সূত্র: আল-জাজিরা
কেএন/টিএ