© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সমুদ্রে আটকে থাকা রুশ তেলের ওপর ফের সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

শেয়ার করুন:
সমুদ্রে আটকে থাকা রুশ তেলের ওপর ফের সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২২ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
ইরানের সাথে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় সমুদ্রে আটকে থাকা নিষেধাজ্ঞাপ্রাপ্ত রুশ অপরিশোধিত তেল সরবরাহ ও বিক্রির অনুমতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগ (অর্থদপ্তর) এই সংক্রান্ত আরও একটি ছাড়পত্র (ওয়েভার) ইস্যু করেছে।

মার্কিন ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ছাড়পত্রটি শুধুমাত্র গত ১৭ এপ্রিলের মধ্যে জাহাজে বোঝাই হওয়া রুশ অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই আদেশের ফলে আগামী ১৬ মে পর্যন্ত এসব তেলের চালান গন্তব্যে পৌঁছানো ও বিক্রি করার অনুমতি মিলল।

মার্কিন প্রশাসন এর আগেও নির্দিষ্ট কিছু রুশ অপরিশোধিত তেলের ওপর একই ধরনের একটি ছাড়পত্র দিয়েছিল, তবে সেই ছাড়পত্রের মেয়াদ গত ১১ এপ্রিল শেষ হয়ে যায়। এদিকে, লেবাননে যুদ্ধবিরতি চলাকালে সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে-ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এমন ঘোষণার পর আজ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ঘটেছে। আর এই তেলের দাম কমার খবরের মাঝেই নতুন এই ছাড়পত্রের ঘোষণাটি দিল যুক্তরাষ্ট্র।

শুক্রবার বিশ্ববাজারে তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৯.০৭ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯০.৩৮ ডলারে স্থির হয়েছে, যা গত ১০ মার্চের পর সর্বনিম্ন দাম। উল্লেখ্য, বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে গত ২ এপ্রিল ফিলিপাইনে কয়লা ও অন্যান্য জ্বালানিবাহী ট্যাংকার এবং বাল্ক জাহাজে করে রুশ অপরিশোধিত তেল পৌঁছাতে দেখা যায়। ছবি তুলে ধরে সংবাদমাধ্যমগুলো সেই খবর প্রকাশ করেছিল।

সূত্র: সিএনএন
এসএস/টিএ

মন্তব্য করুন