পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
ছবি: সংগৃহীত
১২:২৯ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের বিস্তীর্ণ এলাকা। শনিবার (১৮ এপ্রিল) সকালে রিখটার স্কেলে ৫.৫ মাত্রার এই ভূমিকম্পে পেশোয়ার এবং পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি তীব্রভাবে কেঁপে ওঠে। তবে প্রাথমিক খবরে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের (পিএমডি) জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানিয়েছে, শনিবার অনুভূত এই কম্পনের উৎস ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা। ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১৯৯ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হওয়ায় এর প্রভাব সীমান্ত পেরিয়ে পাকিস্তানেও অনুভূত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কম্পন শুরু হতেই আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ও বহুতল ভবন ছেড়ে খোলা রাস্তায় বেরিয়ে আসেন। খাইবার পাখতুনখোয়ার সোয়াত, চিত্রল, হাঙ্গু এবং উত্তর ওয়াজিরিস্তানেও কম্পন অনুভূত হয়েছে। রাওয়ালপিন্ডির বাসিন্দারাও কয়েক সেকেন্ড স্থায়ী এই ঝাঁকুনি অনুভব করার কথা জানিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে দুর্গম পাহাড়ি এলাকাগুলো থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
ভৌগোলিক অবস্থানের কারণে পাকিস্তান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ একটি দেশ। ভারতীয় এবং ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের ফলে এখানে প্রায়ই মাঝারি ও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
উল্লেখ্য যে, চলতি এপ্রিল মাসেই পাকিস্তানে এটি দ্বিতীয় বড় ভূমিকম্প। এর আগে মাসের শুরুর দিকে ৬.১ মাত্রার একটি ভূমিকম্পে ইসলামাবাদ, পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া এবং গিলগিট-বালতিস্তান কেঁপে উঠেছিল। গত ফেব্রুয়ারিতেও ৫.৮ মাত্রার একটি কম্পন অনুভূত হয়েছিল সোয়াত ও হানজা অঞ্চলে।
সূত্র: জিও নিউজ
এসএস/টিএ