আমি চেয়েছি বিসিবি যেন বিষয়টা সুন্দরভাবে সবার কাছে উপস্থাপন করে: এনামুল হক বিজয়
ছবি: সংগৃহীত
০৩:৫৪ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
সবশেষ বিপিএলসহ ঘরোয়া কয়েকটি টুর্নামেন্টে দেখা যায়নি এনামুল হক বিজয়কে। মূলত ফিক্সিং সন্দেহে তালিকায় নাম থাকায় খেলা হয়নি তার। আসন্ন ডিপিএল দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন এবার বিজয়। তার আগে মোহামেডানের হয়ে আজ শনিবার দলবদল শেষ করেছেন।
সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিজয় বলেন, 'আসলে একদম ১০০ ভাগ তৈরি বলবো না যেটা খুবই সত্য। কিন্তু আমার হাতে প্রায় ১৫ দিন সময় আছে এবং মানসিক প্রস্তুতি নিয়েছি সাথে অনুশীলনও করছিলাম গত কিছুদিন ধরে। তাই আশা করি প্রিমিয়ার লিগের আগেই খুব ভালোমতো ১০০ ভাগ তৈরি হয়ে যাবে।

আরও যোগ করেন, ‘চারপাশ যতই দেখছি আমার কাছে মনে হচ্ছে যে অনেক নেতিবাচকতা, অনেক মন্তব্য করা হয়। ইতিবাচক কোনো কিছু দেখি না আমরা। যেকোনো সামাজিক মাধ্যমে তাকালেই মন্তব্যের মধ্যে শুধু নেতিবাচক কথা। তো আমি চাই যে এই জিনিসটা ইতিবাচকভাবে সবাই কথা বলুক। একটা ইতিবাচক শক্তি সবার মধ্যে থাকুক। নেতিবাচক জিনিসগুলো আমরা পেছনে রেখে দিই।'
বিসিবির কাছে নিজের চাওয়ার কথা জানিয়ে বিজয় বলেন, 'আমি চেয়েছি বিসিবি যেন এই জিনিসটাকে সুন্দরভাবে সবার কাছে উপস্থাপন করে এবং এটা এখনো চাই, এটা আলাদা কিছু না। এবং আমার ব্যক্তিগতভাবে সভাপতির সাথে কথা হয়েছে এবং বিসিবির সাথে কথা হয়েছে তারা আমাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে এবং সম্মানের সাথে কথা বলেছে এবং আশা করি এই জিনিসটা চলমান থাকবে।'
'আমি যে কিছু করিনি সেই জিনিসটা স্বীকার করা বা সেটা সামাজিক মাধ্যমে তুলে ধরা এবং আমাকে জিনিসটাকে বলা যে ব্যাপারটাকে এভাবে না এভাবে বর্ণনা করা হয়েছে। দেখেন সংবাদমাধ্যমেও কিন্তু একেকজন একেকভাবে এটাকে বর্ণনা করেছে এবং বিপিএলের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন মানুষ বিভিন্নভাবে উপস্থাপন করছে আমাকে।'
পরে আবাহনী মোহামেডান খেলা নিয়ে বিজয় বলেন, 'ছোটবেলার স্বপ্ন ব্যাপারটা এরকম না কিন্তু আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি আবাহনী-মোহামডান আবাহনী-মোহামডানকে চিন্তা করে। সেই হিসাব করতে গেলে তো অবশ্যই এটা একটা বড় দল। আমি দীর্ঘদিন আবাহনীতে খেলেছি, আমি প্রাইম ব্যাংকার হয়ে খেলেছি। তো এবার একটা সুযোগ এসেছে এরকম একটা বড় দলে খেলার এবং বিজয়ী দলে খেলতে পারলে মানসিকতা সবদিক থেকে বিজয়ীদের মতোই থাকে।'
আরআই/টিএ