© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাশিয়ার তেল বিক্রির ওপর ছাড়ের মেয়াদ আরও ১ মাস বাড়াল যুক্তরাষ্ট্র

শেয়ার করুন:
রাশিয়ার তেল বিক্রির ওপর ছাড়ের মেয়াদ আরও ১ মাস বাড়াল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৯ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
রাশিয়ার তেল কেনাবেচার ওপর ছাড়ের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে আগামী এক মাস সমুদ্র থেকে রাশিয়ার তেল ও পরিশোধিত তেলজাত পণ্য কেনা যাবে। খবর রয়টার্সের।

প্রতিবেদন মতে, স্থানীয় সময় শুক্রবার (১৭ এপ্রিল) রাতে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ–সংক্রান্ত একটি অনুমতিপত্র পোস্ট করা হয়। তাতে বলা হয়, শুক্রবার থেকে আগামী ১৬ মে পর্যন্ত সমুদ্রে জাহাজ থেকে রাশিয়ার তেল ও পরিশোধিত তেলজাত পণ্য কেনা যাবে।

অথচ মাত্র দুই দিন আগেই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছিল, রাশিয়ার তেল কেনার ওপর ছাড়ের মেয়াদ বাড়ানোর কোনো পরিকল্পনা তাদের নেই।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্যদিয়ে ইরান যুদ্ধ শুরু হয়। এরপর বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেয় ও জ্বালানির দাম চড়তে শুরু করে।

পরিস্থিতি সামাল দিতে এবং বৈশ্বিক জ্বালানিমূল্য নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল ও তেলজাত পণ্য কেনার ওপর ৩০ দিনের ছাড় দেয়। গত ১১ এপ্রিল যার মেয়াদ শেষ হয়ে যায়। তবে এর মেয়াদ আরও বাড়ানো হবে না বলেন জানায় মার্কিন অর্থ মন্ত্রণালয়। গত বুধবার (১৫ এপ্রিল) মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ওয়াশিংটন রাশিয়ার তেলের ওপর থাকা ছাড় এবং ইরানের তেলের জন্য থাকা আরেকটি ছাড় নবায়ন করবে না।

মার্কিন অর্থ মন্ত্রণালয় গত ২০ মার্চ ইরানের তেলের ওপর ছাড় দেয়। এই ছাড়ের মেয়াদ আগামী রোববার (১৯ এপ্রিল) শেষ হওয়ার কথা। তবে রাশিয়ার তেলের ব্যাপারে আগের অবস্থান থেকে সরে এসে ছাড়ের মেয়াদ আরও এক বাড়ালো ওয়াশিংটন। 

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘(ইরানের সঙ্গে) আলোচনা গতিশীল হওয়ায় যাদের প্রয়োজন মন্ত্রণালয় তাদের জন্য তেল সহজলভ্য করতে চেয়েছে।’

ইউটি/টিএ

মন্তব্য করুন