হরমুজে ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলি, ইরানি দূতকে তলব ভারতের
ছবি: সংগৃহীত
১০:৪৫ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
হরমুজ প্রণালিতে ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলিবর্ষণের ঘটনায় তীব্র উদ্বেগ জানিয়েছে ভারত। এ ঘটনার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চেয়েছে নয়াদিল্লি।
এর আগে জানানো হয়েছিল, হরমুজ প্রণালিতে ইরানের গুলিবর্ষণের মুখে পড়ে কয়েকটি জাহাজ দিক পরিবর্তন করতে বাধ্য হয়, যার মধ্যে একটি ভারতীয় পতাকাবাহী সুপারট্যাংকারও ছিল।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ভারত। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এ ঘটনায় দেশটির পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের জন্য ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
ভারত জানায়, দুটি ভারতীয় জাহাজকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তারা গভীর উদ্বেগ জানিয়েছে। দেশটি আরো বলেছে, বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অতীতে ভারতগামী জাহাজ চলাচলে ইরান সহযোগিতা করেছিল-এ কথাও স্মরণ করানো হয়েছে।
ভারত ইরানকে দ্রুত ভারতগামী জাহাজ চলাচল স্বাভাবিক করতে সহায়তা আবার শুরু করার আহ্বান জানিয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রের অবরোধ চলাকালেই শনিবার হরমুজ প্রণালি খুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে একটি জাহাজে গুলি চালায় ইরান।
আরআই/টিকে