শান্তিরক্ষী হত্যায় হিজবুল্লাহকে দায়ী করছে ফ্রান্স
ছবি: সংগৃহীত
০৩:৪৬ এএম | ১৯ এপ্রিল, ২০২৬
দক্ষিণ লেবাননে ফরাসি শান্তিরক্ষী নিহতের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনায় হিজবুল্লাহকে দায়ী করেছে ফ্রান্স, যদিও গোষ্ঠীটি এসব অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার পর আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত ও জবাবদিহির দাবি জোরদার হচ্ছে।
আলজাজিরার খবরে বলা হয়, আজ সকাল দক্ষিণ লেবাননে এক ঘটনায় এক ফরাসি শান্তিরক্ষী নিহত এবং আরো তিনজন আহত হওয়ার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে হিজবুল্লাহ।
এর আগে জাতিসংঘের লেবানন অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউনিফিল) প্রাথমিকভাবে জানায়, ‘প্রাথমিক মূল্যায়নে দেখা যাচ্ছে, গুলিটি রাষ্ট্রবহির্ভূত পক্ষ (অভিযোগ অনুযায়ী হিজবুল্লাহ) থেকে ছোড়া হয়েছে।’ এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে বলেও জানানো হয়।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, পাওয়া তথ্য অনুযায়ী হিজবুল্লাহই এর জন্য দায়ী বলে মনে হচ্ছে।
তবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, অন্যরা ‘তড়িঘড়ি করে ভিত্তিহীন অভিযোগ’ তোলায় তারা বিস্মিত।
একই সঙ্গে তারা বলেছে, ‘এ ধরনের সংবেদনশীল পরিস্থিতিতে লেবাননের সেনাবাহিনী ও ইউনিফিলের চলাচলে সমন্বয় অত্যন্ত জরুরি।’
এমআর/টিএ