ইংলিশ প্রিমিয়ার লিগচেলসিকে ১-০ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড
ছবি: সংগৃহীত
০৬:২৫ এএম | ১৯ এপ্রিল, ২০২৬
প্রথমার্ধে ভীষণ সাদামাটা পারফরম্যান্সের মাঝে লক্ষ্যে একটি মাত্র শট নিতে পারল ম্যানচেস্টার ইউনাইটেড। তাতেই পেয়ে গেল কাঙ্ক্ষিত গোল। আর ওই এক শটেই চেলসিকে হারিয়ে দিল মাইকেল ক্যারিকের দল।
স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার রাতে ম্যাচটি ১-০ গোলে জিতে প্রিমিয়ার লিগের টেবিলে তৃতীয় স্থান মজবুত করেছে ইউনাইটেড। জয়সূচক গোলটি করেছেন মাথেউস কুইয়া।
ম্যাচের প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখে আক্রমণেও আধিপত্য করে চেলসি, যদিও তাদের আক্রমণগুলোর খুব বেশি ভীতি ছড়াতে পারেনি।গোলের জন্য ২১টি শট নিয়ে কেবল তিনটিই লক্ষ্যে রাখতে পারে তারা। আর ইউনাইটেডের চার শটের ওই একটিই লক্ষ্যে ছিল।
গত সেপ্টেম্বরে চেলসির সঙ্গে আসরে প্রথম দেখায়ও জিতেছিল ওল্ড ট্র্যাফোর্ডের দলটি।
এবারের জয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লক্ষ্যে বড় এক ধাপ এগিয়ে গেল ক্যারিকের দল। প্রিমিয়ার লিগ থেকে আগামী মৌসুমে ইউরোপ সেরা প্রতিযোগিতাটিতে পাঁচটি দল সুযোগ পাবে।

সেখানে ৩৩ ম্যাচে ১৬ জয় ও ১০ ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইউনাইটেড, ষষ্ঠ স্থান থেকে ১০ পয়েন্ট এগিয়ে।
ইউনাইটেডের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে আছে ৩২ ম্যাচ খেলা অ্যাস্টন ভিলা। তাদের সমান ম্যাচ খেলে ৫২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে লিভারপুল।
আর এই হারে চেলসির চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশায় জোর ধাক্কা লাগল। ৩৩ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা।
ম্যাচের শুরুর দিকে দুই মিনিটের ব্যবধানে দুবার প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ায় চেলসি। একাদশ মিনিটে প্রথম সুযোগেই তারা পেতে পারতো গোল; কিন্ত এস্তেভোঁর শট পোস্টে বাধা পায়। দ্বিতীয়বার এই ব্রাজিলিয়ান উইঙ্গার ক্ষীপ্রতায় ডি-বক্সে ঢুকে গোলরক্ষক বরাবর দুর্বল শট নেন।
৩৮তম মিনিটে আরেকটি ভালো সুযোগ তৈরি করে চেলসি। সাফল্য যদিও এবারও মেলেনি; এন্সো ফের্নান্দেসের কোনাকুনি শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
প্রথম ৪০ মিনিটে ইউনাইটেড ছিল একেবারে বর্ণহীন। উল্লেখযোগ্য কিছুই করতে পারেনি তারা। ৪৩তম মিনিটের এক পাল্টা আক্রমণে তারাই এগিয়ে যায়। ডান দিক দিয়ে আক্রমণ শাণিয়ে ব্রুনো ফের্নান্দেস দারুণ পাসে ডি-বক্সে খুঁজে নেন মাথেউস কুইয়াকে, আর প্রথম ছোঁয়ায় শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এবারের লিগে আটটি গোল করলেন কুইয়া। আর আসরে ফের্নান্দেসের এটি ১৮তম অ্যাসিস্ট, আটটি গোলও করেছেন এই পর্তুগিজ মিডফিল্ডার।৬৫তম মিনিটে আবার বিপদে পড়তে পারতো চেলসি। ফের্নান্দেসের শটে বল ওয়েসলি ফোফানার পায়ে লেগে দিক পাল্টে জালে জড়াতে যাচ্ছিল, ঝাঁপিয়ে আটকান গোলরক্ষক।
দুই মিনিট পর স্বাগতিকদের আরেকটি প্রচেষ্টা দুর্ভাগ্যবশত ভেস্তে যায়। ফরাসি সেন্টার-ব্যাকের হেড ক্রসবার কাঁপায়। সমতায় ফিরতে মরিয়া হয়ে চেষ্টা করতে থাকে চেলসি। ৮৪তম মিনিটে দূর থেকে মোইসেস কাইসেদোর শট পোস্টের একটু দূর দিয়ে বেরিয়ে যায়।
ফিনিশিংয়ের দুর্বলতায় তাদের জয়ের সম্ভাবনাও এভাবে শেষ হয়ে যায়। আসরে একাদশ পরাজয়ের স্বাদ পায় চেলসি।
এমআর/টিএ