আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা দেখছেন না আনচেলত্তি
ছবি: সংগৃহীত
০৬:৩২ এএম | ১৯ এপ্রিল, ২০২৬
টানা দ্বিতীয় মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠা আর্সেনালকে সেরা দুই ফেভারিটের একটি হিসেবে দেখছে অনেক বাজিকর। তবে কোচিং ক্যারিয়ারে পাঁচবার এই ট্রফি জয়ী কার্লো আনচেলত্তির ভাবনা ভিন্ন। ইংলিশ ক্লাবটির হাতে এবারও ইউরোপ সেরার ট্রফি দেখছেন না এই ইতালিয়ান কোচ।
গত মৌসুম থেকে প্রতিযোগিতাটির ধরন বদলে গেছে, এখন এতে নেই কোনো গ্রুপ পর্ব। এর পরিবর্তে প্রাথমিক পর্বে প্রতিটা দল খেলে চারটি করে হোম ও অ্যাওয়ে ম্যাচ, ভিন্ন আটটি দলের বিপক্ষে।
আনচেলত্তির মতে, টুর্নামেন্টটির বর্তমান কাঠামো শিরোপা লড়াইকে আরও উন্মুক্ত করেছে। ইতালিয়ান প্রত্রিকা ইল জর্নালে দেওয়া সাক্ষাৎকারে সেই কথাই বললেন বর্তমানে ব্রাজিলকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করে তোলায় ব্যস্ত এই কোচ।

“চ্যাম্পিয়ন্স লিগ একটি উন্মুক্ত প্রতিযোগিতা, যা রেয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির মতো গ্রেট দলগুলোকে সাইডলাইনে ঠেলে দিয়েছে; তবে এটা এখনও এমন একটা প্রতিযোগিতা যেখানে দলগুলোর বেড়ে ওঠার সুযোগ আছে।”
এবার শেষ ষোলোয় ম্যানচেস্টার সিটিকে দুই লেগেই হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে রেয়াল মাদ্রিদ। আর শেষ মাদ্রিদের দলটি দুই লেগে হেরে যায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে; ফিরতি লেগে মিউনিখের গোল উৎসবে ৪-৩ গোলে জিতে, দুই লেগ মিলিয়ে জার্মান চ্যাম্পিয়নরা জয় পায় ৬-৪ অগ্রগামিতায়।
সেমি-ফাইনালে তাদের প্রতিপক্ষ পিএসজি, যারা কোয়ার্টার-ফাইনালের দুই লেগেই লিভারপুলকে হারিয়ে দেয়ঢ ২-০ ব্যবধানে।
আর বার্সেলোনার বিপক্ষে দ্বিতীয় দেখায় ঘরের মাঠে ২-১ গোলে হারলেও, দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে শেষ চারে উঠেছে আতলেতিকো মাদ্রিদ। তাদের বিপক্ষেই ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে আর্সেনাল; স্পোতিংয়ের বিপক্ষে দ্বিতীয় লেগে বর্ণহীন পারফরম্যান্সের পরও কোনোমতে গোলশূন্য ড্র করে, দুই লেগ মিলিয়ে ১-০ গোলে জিতে সেমি-ফাইনালে ওঠে মিকেল আর্তেতার দল।
চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযানে এবার প্রাথমিক পর্ব আশানুরূপ হয়নি পিএসজির। খেলতে হয় তাদের শেষ ষোলোর প্লে-অফ। তবে সেখান থেকে দারুণ ছন্দ খুঁজে পেয়েছে দলটি, আসরে সবশেষ চার ম্যাচে জাল অক্ষত রেখে জিতেছে তারা।
কার হাতে এবার ট্রফি উঠতে পারে, এমন প্রশ্নে পিএসজিকেই বেছে নিলেন আনচেলত্তি। “আমি বলব, পিএসজি (জিতবে)।”
এবার শেষ চারের কয়েকটি ম্যাচে অনেক গোল হয়েছে, সেদিকেও দৃষ্টি আকর্ষণ করেছেন আনচেলত্তি।
“আমি অনেক গোলের ম্যাচ দেখেছি, আতলেতিকো মাদ্রিদ-বার্সেলোনা ও বায়ার্ন-রিয়াল মাদ্রিদ লড়াই সমর্থকদের অনেক রোমাঞ্চকর মুহূর্ত উপহার দিয়েছে।”
“কিন্তু অনেক গোল মানে অনেক বেশি ভুলও, গোলরক্ষক ও ডিফেন্ডারদের থেকে। প্রচলিত অধিক চাপ, ম্যান-টু-ম্যান খেলায় ঝুঁকিও থাকে এবং খেলার মোড়ও বারবার বদলাতে পারে। তাই নিচ থেকে আক্রমণ গড়ে তোলাই সবচেয়ে কার্যকর হতে পারে, অন্যথায় একটু অন্যমনস্ক হলেই খেসারত দিতে হতে পারে।”
এমআর/টিএ