অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী বৈঠক, পাকিস্তানজুড়ে কঠোর নিরাপত্তা
ছবি: সংগৃহীত
০১:৩২ পিএম | ১৯ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের পরবর্তী দফার আলোচনার তারিখ এখনও চূড়ান্ত না হলেও পাকিস্তানজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করেছে দেশটির প্রশাসন। নিরাপত্তাজনিত কারণে শনিবার (১৮ এপ্রিল) থেকে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির প্রধান বাস টার্মিনাল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে, যা ২৬ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়। একইসঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে ভারী ট্রাক চলাচলও নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম দফা আলোচনার পর থেকেই পাকিস্তানি গণমাধ্যমের ওপর নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং স্পর্শকাতর সংবাদ প্রচারে সাংবাদিকদের বিশেষ অনুমতি নিতে হচ্ছে বলে জানা গেছে।
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণ কঠোর করা হয়েছে এবং শহরের কেন্দ্রীয় এলাকায় যানবাহনের চাপ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশাসনিক সূত্রে আরও জানা যায়, তথ্য নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদকে নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে।
এর আগে, চলমান আলোচনার প্রথম দফায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে প্রায় ২০ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক হলেও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। পরবর্তী দফা আলোচনা ইসলামাবাদেই হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হলেও তা এখনও নিশ্চিত হয়নি।
উল্লেখ, আগামী সোমবার (২০ এপ্রিল) যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা আলোচনার কথা শোনা গেলেও, তা নাকচ করে দিয়েছে তেহরান।
এমআই/টিকে