বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি
ছবি: সংগৃহীত
০২:১৪ পিএম | ১৯ এপ্রিল, ২০২৬
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের প্রতিবাদে এমন হুমকি দিয়েছে গোষ্ঠীটি।
হুতি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-এজি সতর্ক করে বলেছেন, ট্রাম্প যদি শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা অব্যাহত রাখেন, তবে বিদ্রোহীরা ইয়েমেন উপকূলের বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে পারে। খবর আল জাজিরা
এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে আল-এজি লিখেছেন, ‘সানা যদি বাব আল-মান্দেব বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে পুরো মানুষ ও জ্বিন জাতি মিলেও তা খুলতে ব্যর্থ হবে।’
তিনি আরও যোগ করেন, ‘অতএব, ট্রাম্প এবং তার সহযোগীদের জন্য এটিই ভালো হবে-শান্তি বিঘ্নকারী সব ধরনের কার্যক্রম ও নীতি অবিলম্বে বন্ধ করা এবং আমাদের জনগণ ও জাতির অধিকারের প্রতি প্রয়োজনীয় সম্মান প্রদর্শন করা।’
বাব আল-মান্দেব প্রণালি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। এটি এডেন উপসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে, যার মাধ্যমে জাহাজগুলো সুয়েজ খাল হয়ে ইউরোপ ও আমেরিকা মহাদেশে যায়। প্রণালিটির সবচেয়ে সংকীর্ণ অংশও ২৯ কিলোমিটার প্রশস্ত, যা পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য মাত্র দুটি চ্যানেলের (আসা ও যাওয়ার পথ) মধ্যে সীমাবদ্ধ।
প্রতি বছর এই রুট দিয়ে বিশ্বের মোট সমুদ্র বাণিজ্যের প্রায় ১২ থেকে ১৫ শতাংশ এবং প্রায় ১ ট্রিলিয়ন ডলার মূল্যের পণ্য পরিবহন করা হয়। এছাড়া প্রতিদিন প্রায় ৬২ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য এবং বিশ্বের মোট এলএনজি বাণিজ্যের ৮ শতাংশ এই প্রণালি দিয়ে পার হয়।
কেএন/টিকে