চলতি আইপিএলে এখনও মাঠে নামেননি ধোনি, কারণ কী?
ছবি: সংগৃহীত
০৫:৩৮ পিএম | ১৯ এপ্রিল, ২০২৬
আইপিএলের প্রথম পর্ব শেষের দিকে, তবু এখনও মাঠে নামা হয়নি মহেন্দ্র সিং ধোনির। সাবেক ভারতীয় অধিনায়ককে ঘিরে তাই জল্পনা-আলোচনা ক্রমেই বাড়ছে। তিনি আদতে এবারের আসরে খেলতে পারবেন কিনা, সেটাই এখন বড় প্রশ্ন।
শনিবার (১৮ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারের পর চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি কিছুটা আশার কথা শোনালেও ধোনির ফিটনেস নিয়ে সংশয় পুরোপুরি কাটেনি। চোট কাটিয়ে উঠলেও এখনও ম্যাচ খেলার মতো প্রস্তুত নন ৪৪ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার। তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট।
চেন্নাইয়ের পারফরম্যান্সও খুব একটা আশাব্যঞ্জক নয়। ছয় ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে রুতুরাজ গায়কোয়াড়ের দল। এর মধ্যে নতুন করে হ্যামস্ট্রিং চোটে পড়েছেন আয়ুশ মাত্রে। ফলে তার বাকি আসরেও খেলা অনিশ্চিত। সব মিলিয়ে ধোনির সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আগ্রহ আরও বেড়েছে।

হায়দরাবাদ ম্যাচের পর হাসি জানান, ধোনি এখন দৌড়াতে পারছেন, তবে প্রয়োজনীয় গতি এখনও আসেনি। তার ভাষায়, ‘ধোনিকে ইনিংসের শেষ দিকে ব্যাট করতে হবে। ওপরের দিকে নামার সম্ভাবনা নেই। শেষ দিকে দ্রুত রান নেওয়া গুরুত্বপূর্ণ, তাই দৌড়ানোর সক্ষমতা পুরোপুরি নিশ্চিত হওয়া দরকার।’
ধোনি কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, তা নিয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি হাসি। তার মতে, ধোনি নিজে যখন মনে করবেন যে তিনি প্রয়োজনীয় গতিতে দৌড়াতে পারছেন, তখনই তাকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রত্যাশা, ধারণার চেয়েও দ্রুতই হয়তো ফিরতে পারবেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
২০১৯ সালের পর আন্তর্জাতিক ক্রিকেট না খেলায় বোর্ডের নিয়ম অনুযায়ী এখন ঘরোয়া ক্রিকেটার হিসেবেই আইপিএলে খেলছেন ধোনি। তবু চেন্নাই সমর্থকদের কাছে তার গুরুত্ব একটুও কমেনি। বরং দলটির জনপ্রিয়তার বড় অংশ জুড়েই আছেন তিনি। তাই তার মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন ভক্ত-সমর্থকদের বড় একটি অংশ।
টিজে/টিএ