ইসরায়েলের ওপর বেজায় চটেছেন ব্রিটিশ এমপিরা!
ছবি: সংগৃহীত
০৭:৩৭ পিএম | ১৯ এপ্রিল, ২০২৬
গাজায় 'গণহত্যা' ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে বাড়ছে চাপ। এবার ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিলেন ব্রিটিশ সংসদের একাধিক সদস্য। দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে স্বাক্ষর করেছেন অন্তত ৭৫ জন ব্রিটিশ এমপি। ফিলিস্তিন ও লেবাননে সামরিক অভিযানের প্রেক্ষাপটে নেওয়া হয় এই উদ্যোগ।
ব্রিটিশ এমপি রিচার্ড বার্গন গাজায় ইসরায়েলের গণহত্যামূলক কর্মকাণ্ডের জন্য ব্রিটিশ পার্লামেন্টে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব উত্থাপন করেন। এর আগেও একই ধরনের প্রস্তাব এনেছিলেন তিনি। ২০২৪ সাল থেকে এ বিষয়ে একাধিকবার আলোচনাও হয়। এতে অংশ নেন সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ আরও কয়েকজন এমপি।
সেই প্রস্তাবে হাউস অব কমন্সকে বলা হয়েছে, যেন তারা জাতিসংঘের সেই প্রস্তাবগুলো সমর্থন করে, যেখানে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের উপস্থিতি বন্ধ করার কথা বলা হয়েছে।
এর আগে এক বক্তব্যে বার্গন বলেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগের মুখে রয়েছে। এ পরিস্থিতি থামাতে শুধু কথা নয়, বাস্তব পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
৭ অক্টোবর ২০২৩ থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে সেখানে ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১ লাখ ৭২ হাজার মানুষ আহত হয়েছে বলে দাবি করা হয় বিভিন্ন প্রতিবেদনে। যার একটি বড় অংশ নারী ও শিশু।
এছাড়া গাজার বেসামরিক অবকাঠামো- হাসপাতাল, স্কুল, বিদ্যুৎকেন্দ্র, পানির সংরক্ষণাগার এবং আবাসিক এলাকা ব্যাপকভাবে ধ্বংস করা হয়। এতে গাজার মানুষ নিজ ভূখণ্ডে হয়ে পড়েছে বাস্তুচ্যুত এবং প্রায় সম্পূর্ণভাবে বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল হয়ে গেছে।
এসএন