চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন ব্রাজিলিয়ান, বিশ্বকাপ নিয়ে শঙ্কা
ছবি: সংগৃহীত
০৯:৪১ পিএম | ১৯ এপ্রিল, ২০২৬
বিশ্বকাপ শুরু হতে বাকি দুই মাসেরও কম সময়। বিশ্বকাপে নৈপুণ্য দেখাতে মুখিয়ে আছেন বিশ্বসেরা ফুটবলাররা। বিশ্বমঞ্চে নিজেদের সেরাটা ঢেলে দিয়ে নজর কাড়ার অপেক্ষায় তরুণ প্রতিভারা। তবে, এই স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে দিতে পারে অনাকাঙ্ক্ষিত চোট। চোট এরই মধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে রদ্রিগো, হুগো একিটেকের মতো সময়ের সেরা তারকাদের। ইউরোপিয়ান লিগগুলোর শেষভাগে এসে তালিকায় যুক্ত হতে পারে নতুন নতুন নাম।
গত শনিবার (১৮ এপ্রিল) ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে হেরে গেছে চেলসি। এই হারে আগামী মৌসুমের জন্য চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়া আরও কঠিন হয়ে গেল ব্লুদের জন্য। চ্যাম্পিয়ন্স লিগ প্লেস থেকে ৭ পয়েন্ট পিছিয়ে আছে চেলসি, হাতে বাকি আর মাত্র ৫টি ম্যাচ।
চেলসির দুর্ভাগ্য আরও ঘনীভূত হয়েছে এস্তেভাও উইলিয়ানের চোটে। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে মাত্র ১৬ মিনিট খেলতে পেরেছেন। এরপর হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তাকে তুলে নিতে বাধ্য হন কোচ রোজেনিওর। তার বদলি হিসেবে নামেন সাবেক ইউনাইটেড খেলোয়াড় আলেহান্দ্রো গারনাচো।
ম্যাচের পর চেলসির কোচ রোজেনিওর জানিয়েছেন, এস্তেভাও ইউনাইটেডের বিপক্ষে হারের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ার পর বিরতিতে কান্নায় ভেঙে পড়েছিলেন। রোজেনিওর বলেন, 'সে বিরতিতে কাঁদছিল। বিষয়টি তার জন্য খুবই কষ্টদায়ক ছিল। মনে হচ্ছে এটি তার হ্যামস্ট্রিং সমস্যা। প্রতিপক্ষের গোলের দিকে ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে দৌড়ানোর সময়ই সে হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করে। আমি আশা করি, এস্তেভাও দ্রুত ফিরে আসবে।'
এস্তেভাওয়ের চোট শুধু চেলসির জন্যই নয়, বরং ব্রাজিলের জন্যও দুশ্চিন্তার কারণ হতে পারে। আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণভাগের অন্যতম ভরসা হিসেবে মনে করা হচ্ছে এই ১৮ বছর বয়সীকে। কিন্তু চোট গুরুতর হলে এস্তেভাওয়ের বিশ্বকাপে অংশ নেয়া অনিশ্চিত হয়ে যেতে পারে। তার চোট কতটা গুরুতর তা জানা যাবে পরীক্ষা-নিরীক্ষার পর।

চলতি মৌসুমে চেলসির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচে মাঠে নেমেছেন এস্তেভাও, তাতে ৮টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪ গোল। ব্রাজিল জাতীয় দলের প্রথম একাদশেও জায়গা করে নিয়েছেন এই ১৮ বছর বয়সী, এখন পর্যন্ত করেছেন ৫ গোল।
তবে, চেলসির দুর্ভোগ এখানেই শেষ হয়নি। আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজও ম্যাচের শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়েন।
রোজেনিওর বলেন, 'ড্রেসিংরুমে তাকে দেখেছি। মনে হচ্ছে তার কাফে সমস্যা হয়েছে। আশা করছি এটা কেবল ক্র্যাম্প। এখনই চিকিৎসা চলছে, কারণ মঙ্গলবার (২১ এপ্রিল) ব্রাইটনের বিপক্ষে ম্যাচে আমরা তাকে ফিট অবস্থায় চাই। সে আজ ক্লাবের জন্য নিজেকে উজাড় করে দিয়েছে। তার মান ও সামর্থ্যের একজন খেলোয়াড়ের কাছ থেকে আমি এর চেয়ে কম কিছু আশা করি না।'
টিজে/টিএ