মেসি, নেইমার, রোনালদোর ধারেকাছেও নেই ভিনি: ব্রাজিলের সাবেক ডিফেন্ডার
ছবি: সংগৃহীত
০৩:৩৭ এএম | ২০ এপ্রিল, ২০২৬
রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলারদের তালিকা করা হলে নিশ্চিতভাবে প্রথম সারিতেই থাকবে ভিনিসিয়ুস জুনিয়রের নাম। রিয়ালের চ্যাম্পিয়নস লিগ, লা লিগার মতো মেজর টুর্নামেন্টের শিরোপা জিততে তাঁর অবদান অপরিসীম। তবে লিওনেল মেসি, নেইমার কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিদের কাতারে যেতে ভিনিকে লম্বা পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন ব্রাজিলের সাবেক ডিফেন্ডার হোয়াও মিরান্ডা।
ইউরোপীয় ফুটবলে মেসি, রোনালদো, নেইমারদের পথচলা শেষ হয়েছে অনেক আগেই। এই ত্রয়ী এখন বিশ্বের তিন প্রান্তে তিন ভিন্ন দলের হয়ে খেলছেন। তাঁদের অনুপস্থিতিতে ইউরোপীয় ফুটবলে ‘স্পটলাইট’ বলতে গেলে এখন ভিনির দিকেই। রিয়ালের জার্সিতে তিনবার করে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও দুইবার চ্যাম্পিয়নস লিগসহ আরও শিরোপা জিতেছে। যার মধ্যে ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতে ট্রেবল পূর্ণ করেছিলেন। ভিনিকে প্রশংসায় ভাসালেও মিরান্ডার মতে কিংবদন্তি হতে হলে তাঁকে আরও অনেক দূর যেতে হবে। মারিও সুয়ারেজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে মিরান্ডা বলেন, ‘আমার মতে, ভিনিসিয়াসের অনেক গুণ রয়েছে; কিন্তু সে এখনো নেইমার, মেসি ও ক্রিশ্চিয়ানো থেকে অনেক দূরে।’

মিরান্ডার মতে, আধুনিক ফুটবলের শারীরিক শক্তি ও গতির যে সংমিশ্রণ প্রয়োজন, তার সবই আছে ২৪ বছর বয়সী ভিনির মধ্যে। তবে মেসি বা নেইমারদের যে ‘সহজাত’ প্রতিভা ও সাধারণ মানুষের সাথে যে সংযোগ ছিল, সেখানে ভিনি বেশ পিছিয়ে। মিরান্ডা বলেন, ‘ভিনির মধ্যে ফুটবলীয় দক্ষতা ও শারীরিক ফিটনেস সবই আছে। কিন্তু তা মেসি বা নেইমারের মতো নয়। তার মধ্যে কিছুর একটা অভাব আছে। আমি জানি না সেটা মানুষের সাথে তার সম্পর্ক কি না।’
বর্ণবাদী ইস্যুতে প্রায়ই আলোচনায় আসেন ভিনি। এ কারণে ফুটবলার তো বটেই, এমনকি দর্শকদের সঙ্গেও তর্কে জড়ান এই রিয়াল তারকা। স্পেনে দীর্ঘ সময় কাটানোর অভিজ্ঞতা থেকে মিরান্ডা বলেন, ‘আমি এখানে স্পেন বা ইউরোপের কোথাও বর্ণবাদের শিকার হইনি। কারণ,আমার পুরো মনোযোগ ছিল শুধু ফুটবলে। মানুষ যা বলতেন, তা স্রেফ খেলা থেকে মনোযোগ সরিয়ে দেওয়ার অপকৌশল মাত্র।’
আরআই/টিএ