ইতিহাস পাশে নেই, ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিততে চায় বাংলাদেশ
ছবি: সংগৃহীত
০৭:২৭ এএম | ২০ এপ্রিল, ২০২৬
একে তো দ্বিতীয় সারির নিউ জিল্যান্ড দল। তার ওপর নিজেদের ঘরের মাঠে খেলা। তাই স্বাভাবিকভাবেই পাল্লা ছিল বাংলাদেশের দিকে। তবে প্রথম ওয়ানডেতে একদম প্রত্যাশা মেটাতে পারেনি স্বাগতিক দল। ফলে সামনে এখন সিরিজ হেরে যাওয়ার আশঙ্কা।
আর এই আশঙ্কা আরও জেঁকে বসবে ইতিহাসের দিকে তাকালে। ওয়ানডেতে এখন পর্যন্ত তিন ম্যাচের সিরিজের মধ্যে ৪১টিতে প্রথম ম্যাচ হেরেছে বাংলাদেশ। এর ৩৯টিতে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। হেরে গেছে সিরিজ। যেখানে ২৮টিতেই তারা হয় হোয়াইটওয়াশ।
জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৯ সালে এবং ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা সিরিজ দুইটি শুধু ছিল ব্যতিক্রম। ওই দুই সিরিজে প্রথম ম্যাচ হেরে যাওয়ার পরও বাকি দুই ম্যাচে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছিল বাংলাদেশ দল।

মাঝের ১১ বছরে আরও ১৮টি সিরিজে প্রথম ম্যাচ হেরেছে বাংলাদেশ। কিন্তু কোনোটিতেই প্রত্যাবর্তনের গল্প লেখা হয়নি তাদের। এবার নিউ জিল্যান্ডের বিপক্ষেও একই অবস্থায় পড়ে গেছেন মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলামরা।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে কিউইদের ২৪৭ রানে আটকে রাখলেও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় ২২১ রানে গুটিয়ে এরই মধ্যে সিরিজে পিছিয়ে পড়েছে তারা।
তবে এতেই সব কিছুর শেষ দেখছেন না প্রথম ম্যাচে দারুণ বোলিং করা শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসারের মতে, বাকি দুই ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ।
“আমাদের মাত্র একটা ম্যাচ গেছে। তো আমাদের আত্মবিশ্বাস আছে যে, কামব্যাক করব ইনশাআল্লাহ। সেরা ক্রিকেটটা কিন্তু আমরা প্রথম ম্যাচে খেলতে পারিনি। সেরা ক্রিকেটটা খেললে আমরা ইনশাআল্লাহ কামব্যাক করতে পারব, সিরিজও জিততে পারব ইনশাআল্লাহ।”
অথচ আইপিএল ও পিএসএলের ব্যস্ততায় নিউ জিল্যান্ড দলে নেই তাদের মূল ক্রিকেটারদের ১৬-১৭ জন। যে কারণে দ্বিতীয় সারির স্কোয়াড নিয়েই বাংলাদেশে এসেছে তারা। তবু কিউইদের বিপক্ষে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা।
শরিফুলের বিশ্বাস, প্রথম ম্যাচের ভুল আর পরেরটিতে করবে না বাংলাদেশ। “একটা ম্যাচে আমরা হয়তো ভুল করেছি। তারা অবশ্যই ভালো দল। আমরাও ভালো দল। ইনশাআল্লাহ পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব। এটা তো গোল বলের খেলা, যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে।” পাশাপাশি ২৪ বছর বয়সী পেসার এটিও জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে সব দলই মূল দল। “আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সময় দ্বিতীয় সারির দল বা এই সব বলে কিছু হয় না। ঘরোয়া ক্রিকেটে ভালো করেই তারা আন্তর্জাতিক দলে এসেছে। আমরা এক ম্যাচ হেরেছি। এখনও হাতে দুই ম্যাচ আছে। ঐ সামর্থ্য আমাদের ভেতর আছে যে ইনশাআল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো। দেখা যাক, পরের ম্যাচে ইনশাআল্লাহ ফিরে আসব।”
মিরপুরে সোমবার বেলা ১১টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
এবি/টিএ