আর্সেনালকে হারিয়ে শিরোপার লড়াই জমিয়ে তুলল ম্যানসিটি
ছবি: সংগৃহীত
০৮:৩৮ এএম | ২০ এপ্রিল, ২০২৬
আর্সেনালের ২২ বছরের শিরোপা খরা কাটানোর স্বপ্ন আবার ধূলিসাৎ হতে বসেছে। রোববার ইতিহাদ স্টেডিয়ামে তাদের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয়ে ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে এগিয়ে দিলেন আর্লিং হালান্ড।
ম্যাচের শুরুতে রায়ান শেরকির গোলে সিটি এগিয়ে গেলেও গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার এক মারাত্মক ভুলে কয়েক মিনিট পরেই সমতায় ফেরে আর্সেনাল। তবে দ্বিতীয়ার্ধে হালান্ড সিটির হয়ে জয়সূচক গোলটি করে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেন।
সাম্প্রতিক কিছু হোঁচটের পর আর্সেনালের শিরোপা জেতার লড়াইয়ে আসল পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল এই ম্যাচটিকে। কিন্তু মিকেল আর্তেতার দল আবারও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলো। লিগে আর মাত্র পাঁচটি ম্যাচ বাকি থাকতে সিটির সাথে তাদের ব্যবধান এখন অনেকটাই কমে এসেছে।
এটি ছিল আর্সেনালের টানা দ্বিতীয় হার। এক ম্যাচ হাতে রেখেই ম্যানসিটি লিগের নিয়ন্ত্রণ নিল। তারা দীর্ঘদিনের লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালকে টপকে নয় বছরে সপ্তম শিরোপা জয়ের পথে এগিয়ে যাচ্ছে। ২০০৪ সালের পর প্রথম লিগ শিরোপার খোঁজে থাকা আর্সেনাল পয়েন্ট তালিকায় এখনও এগিয়ে থাকলেও এই হার তাদের জন্য নিঃসন্দেহে একটি বড় ধাক্কা।
গত সপ্তাহে আর্সেনাল বোর্নমাউথের কাছে হেরে যায়। তাদের পয়েন্ট হারানোর সুযোগ কাজে লাগিয়ে সিটি আত্মবিশ্বাস নিয়ে এই ম্যাচে খেলতে নেমেছিল। গত মাসে কারাবাও কাপের ফাইনালে এই একই প্রতিপক্ষকে হারানোর স্মৃতি ছিল তাদের সঙ্গী।

শুরু থেকেই সিটি আক্রমণাত্মক খেলে। ম্যাচের শুরুতেই হালান্ড আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়াকে প্রায় ভুল করতে বাধ্য করেছিলেন। এরপর শেরকির একটি শট গ্যাব্রিয়েলের হাতে লেগে পোস্টে বাধা পায়। পেনাল্টির আবেদন জানালেও রেফারি তাতে সাড়া দেননি।
আর্সেনালের ক্রিশ্চিয়ান মস্কেরা কর্নার থেকে হেড করে সুযোগ তৈরির চেষ্টা করেন। কিন্তু ১৬ মিনিটে শেরকির দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় সিটি। রদ্রির ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হলে মাথেউস নুনেস বলটি শেরকিকে বাড়িয়ে দেন। ফরাসি তরুণ দুজন ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ান।
তবে সিটির এই আনন্দের রেশ বেশিক্ষণ থাকেনি। ঠিক দুই মিনিট পর একটি থ্রো-ইন থেকে আসা ব্যাক-পাস ক্লিয়ার করতে দেরি করে ফেলেন দোন্নারুম্মা। কাই হাভার্টজ এগিয়ে এসে দোন্নারুম্মার সেই ক্লিয়ারেন্সটি নিজের পায়ে লাগিয়ে গোল করে বসেন। ২০২৫ সালের ফেব্রুয়ারির পর এটিই ছিল প্রিমিয়ার লিগে জার্মান তারকার প্রথম গোল।
বিরতির আগে হালান্ড সুযোগ নষ্ট করেন। এবং মার্ক গুয়েহির হেড রায়া রুখে দেন। বিরতির পর হালান্ডের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। তবে পরে বেশ কিছু আক্রমণ চালায় আর্সেন্সল। ওডেগার্ডের পাস থেকে হাভার্টজ গোলের সুযোগ পেলেও দোন্নারুম্মা দারুণভাবে তা রুখে দেন। এছাড়া এবেরেচি এজের একটি শটও পোস্টে লেগে ফিরে এলে বেঁচে যায় সিটি।
উত্তেজনাপূর্ণ এই ম্যাচে আবার লিড নেয় সিটি। বাম প্রান্ত থেকে নিকো ও'রাইলির ক্রস রদ্রি হয়ে হালান্ডের কাছে পৌঁছালে ডি-বক্সের ভেতরে ঘুরে গিয়ে দারুণ এক ফিনিশিংয়ে গোল করেন তিনি।
ম্যাচের শেষ দিকে সমতায় ফিরতে মরিয়া আর্সেনালের গ্যাব্রিয়েলের একটি হেড পোস্টে লেগে ফিরে আসে। ইনজুরি টাইমে হাভার্টজের একটি হেড পোস্টের ওপর দিয়ে চলে গেলে জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার সিটির।
এমআই/টিকে