রাজস্থানকে হারিয়ে সপ্তম ম্যাচে আসরে প্রথম জয় পেল কলকাতা
ছবি: সংগৃহীত
০৯:২৭ এএম | ২০ এপ্রিল, ২০২৬
সপ্তম ম্যাচে এসে অবশেষে জয়ের দেখা পেল কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালসের জার্সিতে আরও একবার ঝড় তুললেন বৈভব সূর্যবংশী। যশস্বী জয়সওয়ালের সঙ্গে সূর্যবংশী দারুণ ওপেনিং জুটি গড়লেও বাকিদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় সফরকারীরা। জবাবে কলকাতার শুরুটা ছিল ভয়াবহ, ৫ রানেই বিদায় দুই ওপেনারের। ৮৫ রানে ৬ উইকেট হারিয়ে আরও একবার হারের দ্বারপ্রান্তে চলে যাওয়া কলকাতা জয় পেয়েছে রিঙ্কু সিংয়ের দুর্দান্ত অর্ধশতকে।
রোববার (২০ এপ্রিল) ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসকে ৪ উইকেট ও ২ বল হাতে রেখে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এদিন আগে ব্যাট করা রাজস্থান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে।
জবাবে ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। এটি এবারের আসরে কলকাতার প্রথম জয়।
ইডেন গার্ডেন্সে রাজস্থানকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন রাজবংশী-জয়সওয়ালের ওপেনিং জুটি। ৫১ বলেই স্কোরকার্ডে যোগ হয় ৮১ রান। সূর্যবংশীকে আউট করে এই জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী।
আউট হওয়ার আগে ২৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪৬ রান করেন এই কিশোর। এক ওভার পর বোলিংয়ে ফিরে ধ্রুব জুরেলকেও (৫) বিদায় করেন বরুণ। তার পরের ওভারে সুনীল নারাইন বিদায় করেন জয়সওয়ালকে। ২৯ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেন তিনি।
বরুণ আর নারাইন মিলে যে ধাক্কাটা দিয়েছিলেন, সেটিকে কাজে লাগিয়ে রাজস্থানের ইনিংসে ধ্বস নামান কার্তিক তিয়াগী। একে একে বিদায় নেন রিয়ান পরাগ (১২), ডনোভান ফেরেইরা (৭), রবীন্দ্র জাদেজা (৯) ও শিমরন হেটমেয়ার (১৫), রবি বিষ্ণয়ী (০)। রানআউট হন জোফরা আর্চার (৮)। ব্রিজেশ শর্মা ১ রানে অপরাজিত থাকেন।

বরুণ চক্রবর্তী ৪ ওভারে মাত্র ১৪ রানে ৩ উইকেট শিকার করেন। কার্তিক তিয়াগীও ৩ উইকেট শিকার করেন ২২ রান খরচায়। নারাইন ২৬ রানে নেন ২ উইকেট।
জবাব দিতে নেমে কলকাতা শুরুতেই ধাক্কা খান। ইনিংসের প্রথম বলেই আর্চার বোল্ড করেন টিম শেইফার্টকে। পরের ওভারে রানের খাতা খোলার আগেই নান্দ্রে বার্গার বিদায় নেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। মাত্র ৫ রানে ২ উইকেট হারায় কলকাতা। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে ডাক মারলেন কলকাতার অধিনায়ক।
ক্যামেরন গ্রিন ও অঙ্গকৃশ রঘুবংশী এই বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন। দারুণ খেলতে থাকা গ্রিনকে বিদায় করেন বিষ্ণয়ী। ১৩ বলে ৪ চার ও ১ ছক্কায় গ্রিন।
১৯ বলে ১০ রান করা রঘুবংশী জাদেজার বলে আউট হলে ৫২ রানে ৪ উইকেট হারায় কলকাতা। ১১তম ওভারের প্রথম বলে জাদেজা আউট হকরেন ২০ বলে ২৩ রান করা রোভম্যান পাওয়েল। দলীয় ৮৫ বলে ষষ্ঠ ব্যাটার হিসেবে বিদায় নেন রমনদীপ সিং। ১৩ বলে ১০ রান করে রাজ পুঞ্জার বলে আউট হন তিনি। কলকাতা আরও একট হারের দ্বারপ্রান্তে পৌঁছে গেলেও এবার ত্রাতা হয়ে দাঁড়ান রিঙ্কু সিং, তার সঙ্গী অনুকূল রায়।
জয়ের জন্য ৩৯ বলে ৭১ রানের কঠিন চ্যালেঞ্জ ২ বল হাতে রেখেই পাড়ি দেন তারা। রিঙ্কু ৩৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেন। অনুকূল ১৬ বলে ১ চার ও ২ ছক্কায় করেন ২৯ রান। জাদেজা ৩ ওভারে ৮ রানে ২ উইকেট শিকার করেন। এছাড়া আর্চার, বার্গার, বিষ্ণয়ী ও রাজ পুঞ্জা ১টি করে উইকেট শিকার করেন। এই জয়ে কলকাতা ৩ পয়েন্ট নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে পেছনে ফেলেছে, যদিও মুম্বাই ২টি ম্যাচ কম খেলেছে। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনে রাজস্থান।
এমআই/টিকে