পাকিস্তানে নামছে একের পর এক মার্কিন সামরিক বিমান
ছবি: সংগৃহীত
১১:০৫ এএম | ২০ এপ্রিল, ২০২৬
ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নামছে একের পর এক মার্কিন সামরিক বিমান। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সম্ভাব্য সফরের প্রস্তুতির অংশ হিসেবে ওই বিমানগুলো ইসলামাবাদে অবতরণ করেছে।
জিও নিউজ জানিয়েছে, মার্কিন বিমান বাহিনীর সি-১৭ গ্লোবমাস্টার থ্রি পরিবহন বিমানগুলো সরঞ্জাম নিয়ে নূর খান বিমানঘাঁটিতে অবতরণ করেছে।
ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, রোববার (১৯ এপ্রিল) তিনটি বিমান ভিন্ন ভিন্ন সময় পাকিস্তানে পৌঁছায়।
প্রথমটি স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে, দ্বিতীয়টি ১১টা ৩ মিনিটে এবং তৃতীয়টি দুপুর ২টা ৪০ মিনিটে অবতরণ করে। আরও একটি বিমান ইসলামাবাদের পথে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে অতিরিক্ত মার্কিন বিমানগুলোকে রামস্টেইন বিমানঘাঁটি এবং মোরন বিমানঘাঁটিতে জ্বালানি নিতে দেখা গেছে। জানা গেছে, এই বিমানগুলো নিরাপত্তা, যোগাযোগ এবং অন্যান্য সহায়ক সরঞ্জাম বহন করছে, যা সাধারণত যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের সফরের আগে মোতায়েন করা হয়।
অন্যদিকে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিদেশি প্রতিনিধিদলগুলোকে স্বাগত জানাতে প্রস্তুতির অংশ হিসেবে রাজধানীর রেড জোন এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
এমন এক সময় এই নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে যখন জানা যাচ্ছে, ইসলামাবাদে ফের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল।
এমআর/টিকে