© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০২৬ বিশ্বকাপ ব্রাজিলের শিরোপা পুনরুদ্ধারের উপযুক্ত সময়: কাফু

শেয়ার করুন:
২০২৬ বিশ্বকাপ ব্রাজিলের শিরোপা পুনরুদ্ধারের উপযুক্ত সময়: কাফু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৮ এএম | ২১ এপ্রিল, ২০২৬
বিশ্বকাপে ব্রাজিলের হেক্সা মিশন অসম্পূর্ণ রয়েছে পাঁচটি আসর ধরে। পাঁচবারের চ্যাম্পিয়নরা এবারো খেলবে ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে। ব্রাজিলের দুইবারের বিশ্বকাপ জয়ী কাফু বিশ্বাস করেন, ২০২৬ সালের আসর তাদের শিরোপা পুনরুদ্ধারের উপযুক্ত সময়।

ইয়োকোহামায় ২০০২ ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে পঞ্চম বিশ্বকাপ জেতা ব্রাজিলের অধিনায়ক ছিলেন কাফু। পাসাদেনায় ১৯৯৪ সালে পেনাল্টিতে ইতালিকে হারানোর দলেও ছিলেন তিনি। গতকাল (সোমবার) মাদ্রিদে লরিয়াস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সাবেক ব্রাজিলিয়ান রাইট ব্যাক বললেন, ‘শেষ ট্রফি জেতার ২৪ বছর পর, আমি মনে করি ব্রাজিলের জন্য এটা উপযুক্ত মুহূর্ত। আমরা কালো আনচেলত্তিকে এনেছি, যার ধারাবাহিক শিরোপা জয়ের অভিজ্ঞতা আছে। তিনি ব্রাজিলিয়ান জাতীয় দলে শ্রেষ্ঠত্ব যোগ করবেন।’

কাফুর মতে, ব্রাজিলের মাঝমাঠ ও আক্রমণভাগ বেশ শক্তিশালী। এই বছরের টুর্নামেন্টের জন্য আনচেলত্তিকে রক্ষণে মনোযোগ দিতে হবে। তিনি বললেন, ‘কারণ যদি ব্রাজিল বিশ্বকাপে কোনো গোল না খায়, তাহলে নিশ্চিতভাবে প্রতি ম্যাচে তারা একটি করে গোল করবে।’

কাফুর আশা, প্রায় সময় বিতর্কে জড়িয়ে পড়া ভিনিসিয়ুস জুনিয়র এবারের বিশ্বকাপে দারুণ সময় কাটাবেন। তিনি বলেন, ‘যে কোনো ধরনের বিতর্ক কাটানোর সেরা উপায় হলো বিশ্বকাপ। ওই আট ম্যাচে (যদি ফাইনালে ওঠে) ভিনিসিয়ুস জুনিয়রের সুযোগ আছে পুরো বিশ্বকে তার যোগ্যতা দেখানোর এবং সে ফুটবলে কী করতে পারে, সেটা প্রমাণ করার।’



গত ১ এপ্রিল অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের ৩-১ গোলের জয়ে একটি অ্যাসিস্ট করেন ভিনিসিয়ুস, তাতে আগের ম্যাচে ফ্রান্সের কাছে হারের পর তৈরি হওয়া সন্দেহ কেটে গেছে। ওই ম্যাচে ১৯ বছর বয়সী এন্দ্রিক ঝলক দেখান।
এই টিনএজারকে ফরাসি ক্লাব লিওঁর কাছে রিয়াল মাদ্রিদের ধার দেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক পদক্ষেপ ছিল বলে মনে করেন কাফু। তিনি বলেন, ‘আমি মনে করি এটা তার জন্য ভালো সময়। এটা তার অনেক ভালো করেছে। তাকে বিকশিত করতে, খেলতে এবং গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে সাহায্য করেছে। রিয়াল মাদ্রিদে অনেক বেশি তারকা, তাদের মধ্যে একজন তরুণ খেলোয়াড়ের গুরুত্বপূর্ণ হয়ে ওঠা কঠিন। সে অল্পবয়সী খেলোয়াড়, যে ব্রাজিলের জন্য অনেক অবদান রাখতে পারে। আমি নিশ্চিত আনচেলত্তি তাকে ইতিবাচকভাবে দেখবে।’

এবি/টিএ

মন্তব্য করুন