© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান যুদ্ধের ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত

শেয়ার করুন:
ইরান যুদ্ধের ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৬ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
ইরানের সঙ্গে ৪০ দিনব্যাপী চলা যুদ্ধে ১৩ জন মার্কিন সেনা নিহত ও ৪১৫ জন আহত হয়েছেন। সোমবার মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের প্রকাশিত এক বিবৃতিতে ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত চলা এই লড়াইয়ে মার্কিন বাহিনীর হতাহতের এ তথ্য জানানো হয়। গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হওয়া ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যেই এই পরিসংখ্যান প্রকাশ করল পেন্টাগন।

ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ চলে আসছিল। এই সংকট নিরসনে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চললেও তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এর পরপরই, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে অপারেশন এপিক ফিউরি' নামে সামরিক অভিযান শুরু করে। একই সময়ে ওয়াশিংটনের সঙ্গে জোটবদ্ধ হয়ে 'অপারেশন রোয়ারিং লায়ন' নামে ইরানে সামরিক অভিযান চালায় ইসরায়েলও।

যৌথ বাহিনীর এই টানা ৪০ দিনের বোমাবর্ষণ ও হামলায় ইরানে ব্যাপক প্রাণহানি ঘটে। যুদ্ধের প্রথম দিনেই নিহত হন টানা ৩৭ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বে থাকা আয়াতুল্লাহ খামেনি। এছাড়াও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের বেশ কয়েকজন জ্যেষ্ঠ ও গুরুত্বপূর্ণ কর্মকর্তা প্রাণ হারান। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ৪০ দিনের এই রক্তক্ষয়ী যুদ্ধে দেশটিতে মোট ১ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ৮ এপ্রিল শুরু হওয়া ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলেছে আগামী ২২ এপ্রিল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই নির্ধারিত ১৪ দিনের মধ্যে কোনো শান্তিচুক্তি স্বাক্ষরিত না হলে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে আগ্রহী নন তিনি।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

টিজে/টিএ 

মন্তব্য করুন