© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাজিলের বিশ্বকাপ জেতার এটিই সঠিক সময় : কাফু

শেয়ার করুন:
ব্রাজিলের বিশ্বকাপ জেতার এটিই সঠিক সময় : কাফু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৩ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
ব্রাজিল তাদের পঞ্চম ও সবশেষ বিশ্বকাপ জেতার পর পেরিয়ে গেছে দীর্ঘ ২৪ বছর। ১৯৯৪-২০০২ পর্যন্ত টানা তিনটি ফাইনাল খেলা সেলেসাওরা এরপর মাত্র একবারই কোয়ার্টার ফাইনালের গণ্ডি পার হতে পেরেছে। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এবার তো খোদ অনেক ব্রাজিলিয়ানই নিজেদের দল নিয়ে আশাবাদী হতে পারছেন না। তবে দেশটির কিংবদন্তি ফুটবলার কাফু মনে করেন, উত্তর আমেরিকা মহাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপই ব্রাজিলের জন্য আবারও বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সেরা সময়।

দুইবারের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি ২০০২ সালে অধিনায়ক হিসেবে ব্রাজিলকে পঞ্চম ও সবশেষ বিশ্বকাপ জেতান। জাপানের ইয়োকোহমায় ফাইনালে রোনালদোর জোড়া গোলে জার্মানিকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।

এর আগে ১৯৯৪ সালে পাসাদেনায় ইতালিকে টাইব্রেকারে হারিয়ে ২৪ বছরের খরা ঘুচিয়ে ব্রাজিলকে চতুর্থ বিশ্বকাপ এনে দেয়া দলেরও অংশ ছিলেন কাফু। মাদ্রিদে গতরাতে লরিয়াস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সাংবাদিকদের কাফু বলেন, 'শেষ শিরোপা জয়ের ২৪ বছর পর, আমি মনে করি এটি ব্রাজিলের জন্য একদম সঠিক সময়।'



তিনি আরও বলেন, 'আমরা এমন একজন কোচ (আনিচেলত্তি) এনেছি, যিনি নিয়মিত শিরোপা জেতেন। তিনি ব্রাজিল জাতীয় দলের মর্যাদা আরও বাড়াবেন।' সাবেক এই রাইট-ব্যাক বলেন, ব্রাজিলের মিডফিল্ড ও আক্রমণভাগ আগেই শক্তিশালী ছিল, তাই আনচেলত্তি এবার মূলত রক্ষণভাগ শক্ত করার দিকেই নজর দিয়েছেন। এবারের বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোর বিভিন্ন ভেন্যুতে।

কাফু বলেন, 'বিশ্বকাপে যদি ব্রাজিল গোল না খায়, তাহলে তারা প্রতি ম্যাচেই অন্তত একটি গোল করবেই।' তিনি আশা প্রকাশ করেন, ভিনিসিউস জুনিয়র এবার দুর্দান্ত টুর্নামেন্ট কাটাবেন। নানা বিতর্কে থাকা এই তারকাকে নিয়ে কাফু বলেন, 'বিশ্বকাপই যেকোনো বিতর্ক ভুলিয়ে দেওয়ার সেরা জায়গা। ফাইনালে উঠতে পারলে আট ম্যাচে ভিনিসিয়ুস পুরো বিশ্বকে দেখাতে পারবে, সে কতটা মূল্যবান এবং ফুটবলে কী করতে পারে।'

গত ১ এপ্রিল অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয়ে একটি অ্যাসিস্ট করেন ভিনিসিয়ুস, যা আগের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে হারের পর তৈরি হওয়া সংশয় দূর করতে সাহায্য করে। এছাড়া ১৯ বছর বয়সী এন্দরিকও সেই ম্যাচে উজ্জ্বল ছিলেন। কাফু বলেন, 'আমি মনে করি এখন তার জন্য ভালো সময় চলছে।' তিনি মনে করেন, রিয়াল মাদ্রিদ গত বছর এন্দ্রিককে অলিম্পিক লিওঁতে ধারে পাঠিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল।

কাফু বলেন, 'এতে তার অনেক উপকার হয়েছে। সে বেড়েছে, খেলেছে, নিজেকে প্রমাণ করেছে এবং গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছে। রিয়াল মাদ্রিদের মতো তারকায় ভরা দলে একজন তরুণের মূল খেলোয়াড় হয়ে ওঠা কঠিন।'

তিনি আরও বলেন, 'সে এমন একজন তরুণ, যে ব্রাজিলকে অনেক কিছু দিতে পারে। আমি নিশ্চিত আনচেলত্তি তাকে ইতিবাচকভাবেই দেখছেন।' বাজিকরদের তালিকায় শীর্ষ পাঁচ ফেবারিটের মধ্যেই আছে ব্রাজিল রাখা হয়েছে, যেখানে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন রয়েছে সবার ওপরে।

আইকে/টিএ

মন্তব্য করুন