মিরাজের কারণে ৩০০ উইকেট পাওয়া নাঈমকে দুর্ভাগা বললেন কোচ রাজিন
ছবি: সংগৃহীত
১১:৫০ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
আড়াই বছর পর মঙ্গলবার মাঠে গড়াল লাল বলের বিসিএল। যেখানে প্রথম দিনেই মাইলফলক ছুঁয়েছেন স্পিনার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক অর্জন করেছেন তিনি। ২৬ বছর বয়সী এই বোলিং অলরাউন্ডার এক সময় ছিলেন জাতীয় দলের নিয়মিত মুখ।
তবে সবসময় একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে অনেক সময় পিছিয়ে থাকেন। এজন্য নাঈমকে দুর্ভাগা মনে করেন কোচ রাজিন সালেহ। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক মনে করেন, প্রতিদ্বন্দ্বিতায় মিরাজের চেয়ে পিছিয়ে থাকার কারণেই এখন পর্যন্ত মাত্র ১৪টি টেস্ট খেলা হয়েছে নাঈমের।
সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাঈমকে দুর্ভাগা আখ্যা দিয়ে রাজিন বলেন, ‘আমি বলব সে (নাঈম) দুর্ভাগা। সে ভালো বোলার অবশ্যই। তবে ওর সমতুল্য যে আছে, তাকেও দেখতে হবে।

মিরাজও ভালো বোলার এবং পরীক্ষিত। ঐ জায়গায় নাঈম একটু দুর্ভাগা, সুযোগ কম পাচ্ছে। অবশ্যই সামনে সুযোগ আসবে, আশা করি সে সুযোগ পাবে এবং টেস্ট দলকে সার্ভিস দিবে।’
সামনে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট আছে বাংলাদেশের। এরপর টেস্ট দল যাবে অস্ট্রেলিয়া সফরে। তার আগে চলমান বিসিএল ভালো প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন পূর্বাঞ্চলের কোচ, ‘অবশ্যই, এটা ভালো প্রস্তুতি। সামনে যেহেতু টেস্ট আছে। মানিয়ে নেওয়ার বিষয় আছে। এই টুর্নামেন্ট দিয়ে টেস্টের ভালো প্রস্তুতি হবে।’
তোফায়েল আহমেদকে এদিন প্রশংসায় ভাসিয়ে রাজিন বলেন, ‘তোফায়েলকে আগামীতে বাংলাদেশের ভালো অলরাউন্ডার হিসেবে আমরা দেখি। তাকে সুযোগ দেওয়া উচিত। বিসিএল বলুন বা এনসিএল সবসময় তাকে পারফর্ম করতে দেখছি। আশা করি, আগামীতেও ধারাবাহিকভাবে ভালো করবে এবং বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিবে।’
এমআই/টিএ