© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খারাপ করলে সমালোচনা করবেন : রিপন

শেয়ার করুন:
খারাপ করলে সমালোচনা করবেন : রিপন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০১ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
প্রথমবারের মতো জাতীয় টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ডানহাতি মিডিয়াম পেসার রিপন মণ্ডল। এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে খেললেও জাতীয় দলের জার্সি এবারই প্রথম গায়ে জড়াবেন এই পেসার। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন রিপন।

স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে উচ্ছ্বাসিত রিপন নিজের স্যোশাল প্লাটফর্ম ফেসবুকে দীর্ঘ এক পোস্টে লিখেছেন, খারাপ করলে যেন সমালোচনা করা হয়।

ঠিক যেভাবে ভালো করলে করা হয় প্রশংসা। নিজের শিশুসন্তানের হাসিমাখা চেহারার ছবি পোস্ট করে রিপন ফেসবুকে লিখেছেন, ‘আমার সন্তানের হাসিমুখই বলে দেয়, আমার আর আমার পরিবারের সবার জন্য আজকের দিনটা কতটা আনন্দের। এই আনন্দ যতদিন ক্রিকেট খেলব, ততদিনই আমার পরিবারের সবার চোখেমুখে দেখতে চাই। আল্লাহ আমাকে যেন সেই তৌফিক দান করেন।
আমিন।’

সমর্থকদের উদ্দেশে এই পেসার লিখেছেন, ‘আগেও একবার বলেছিলাম, আজ আবারও বলতে চাই-আপনারা যখন আমার প্রশংসা করেন আমি অনুপ্রাণিত হই, আমার ভালো লাগে। যখন সমালোচনা করেন, আমি বুঝতে পারি কোথাও কিছু একটা ঠিক হচ্ছে না। আমি তখন পরিশ্রম করা বাড়িয়ে দেই, নিজের উন্নতির জন্য আরও বেশি চেষ্টা করা শুরু করি।

আমি যা কিছু, আমার যা কিছু, সবকিছুর পেছনে আপনারাই। আলহামদুলিল্লাহ।’ তাই ভালো খেলতে না পারলে সমালোচনা হজম করার প্রস্তুতিটাও নিয়ে রেখেছেন রিপন। তার আহ্বান, ‘আজকের দিনে বলতে চাই, আমি ভালো করলে যেমন প্রশংসা করেন, আমি খারাপ করলে সমালোচনাও করবেন প্লিজ। যৌক্তিক সমালোচনা।

যেই সমালোচনা আমার ভুলটা ধরিয়ে দেবে কিংবা আমায় অনুভব করাবে এরপর কিভাবে নিজেকে প্রস্তুত করা উচিত। আমার পরিবারও তাই করে, ভুল হলে ধরিয়ে দেয়, সবকিছুতেই সাপোর্ট করে না। আপনারাও আমার পরিবার, আর এই কথাটা কখনোই মিথ্যে হয়ে যাবে না ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন।’

আরআই/ এসএন

মন্তব্য করুন