© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেইমারের আচরণ এখনো ১৫-১৬ বছরের কিশোরের মতো: ব্রাজিলের সাবেক খেলোয়াড়

শেয়ার করুন:
নেইমারের আচরণ এখনো ১৫-১৬ বছরের কিশোরের মতো: ব্রাজিলের সাবেক খেলোয়াড়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০০ এএম | ২৩ এপ্রিল, ২০২৬
সমালোচনা যেন পিছু ছাড়ে না নেইমারকে। সম্প্রতি ব্রাজিলিয়ান সিরি আ'য় সান্তোস দুইবার এগিয়ে গিয়েও ফ্লুমিনেন্সের কাছে ৩-২ ব্যবধানে হেরে যাওয়ার পর মাঠ ছাড়ার সময় নেইমারের অঙ্গভঙ্গি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

যদিও এই ৩৪ বছর বয়সী তারকার দাবি, এটি নিছকই ভুল বোঝাবুঝি। তবে সাবেক এক ব্রাজিলিয়ান তারকা তার এই ব্যাখ্যায় পুরোপুরি সন্তুষ্ট নন।

ম্যাচ শেষে ক্যামেরায় দেখা যায়, নেইমার ড্রেসিংরুমে যাওয়ার পথে দুই কানে আঙুল দিচ্ছেন। অনেকে এটিকে গ্যালারি থেকে আসা সমালোচনা উপেক্ষা করার ইঙ্গিত হিসেবে দেখেন, যদিও তিনি স্পষ্টতই বিরক্ত ছিলেন।

পরে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নেইমার এ বিষয়ে ব্যাখ্যা দেন। নেইমার তার পোস্টে বলেন, ‘এমন দিনও এলো, যখন আমাকে কান চুলকানোর ব্যাখ্যা দিতে হচ্ছে! সত্যি বলতে, তারা অনেক বেশি বাড়াবাড়ি করছে এবং সীমা ছাড়িয়ে যাচ্ছে, এভাবে বেঁচে থাকা খুবই দুঃখজনক। কোনো মানুষ এটা সহ্য করতে পারে না।’



তবে ব্রাজিলের সাবেক মিডফিল্ডার জে এলিয়াস সান্তোস তারকার তীব্র সমালোচনা করে বলেন, ‘ওখানে কী হয়েছে, সবাই পরিষ্কার বুঝেছে। এখানে কেউ বোকা নয়। সবাই জানে কী হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটা আবারও প্রমাণ করে তার (নেইমার) আচরণ এখনো ১৫-১৬ বছরের এক কিশোরের মতো। সে বুঝতে পারে না সে কে, কী প্রতিনিধিত্ব করে। যদি বুঝত, তাহলে এমন আচরণ করত না। আর সব সময়ই সে নিজেকে ভুক্তভোগী দেখায়। সব সময় অন্যরা দোষী, আর সে ঠিক।’

এই ঘটনা ঘটার মাত্র পাঁচ দিন আগে সান্তোসের সমর্থকদের সঙ্গে নেইমারের আরেক দফা তর্ক হয়েছিল। কোপা সুদামেরিকানার ম্যাচে দেপোর্তিভো রেকোলেতার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর সেই উত্তেজনা তৈরি হয়েছিল।

তখন নেইমার বলেছিলেন, ‘খেলার সমালোচনা আমি বুঝি। কিন্তু যখন সেটা ব্যক্তিগত পর্যায়ে চলে যায় এবং অন্যভাবে আমাকে আক্রমণ করা হয়, তখন আমি সেটা মেনে নিতে পারি না।’

টিজে/টিএ 

মন্তব্য করুন