© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: মেক্সিকোর নিরাপত্তা সচিব

শেয়ার করুন:
বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: মেক্সিকোর নিরাপত্তা সচিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৬ এএম | ২৩ এপ্রিল, ২০২৬
ফিফা বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই। প্রত্নতাত্ত্বিক এলাকায় যে দুর্ঘটনা ঘটেছে, তার সঙ্গে দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কোন সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন মেক্সিকোর নাগরিক নিরাপত্তা সচিব ওমর গার্সিয়া। বিশ্বজুড়ে মেক্সিকোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও, সবাইকে নির্ভয়ে দেশটি ভ্রমণে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে তার সমস্ত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও দাবি করেছেন ওমর গার্সিয়া।

শতাব্দীর পুরানো প্রাচীন পিরামিড আর ইতিহাসের সাক্ষী মেক্সিকোর তেওতিউয়াকান প্রত্নতাত্ত্বিক এলাকা। যেখানে প্রতি বছর ভিড় জমায় লাখো পর্যটক। কিন্তু গত মঙ্গলবার (২১ এপ্রিল) এই শান্ত চত্বরই রণক্ষেত্রে পরিণত হয় এক বন্দুকধারীর অতর্কিত হামলায়। প্রাণ হারান এক কানাডীয় নাগরিক। গুলিবিদ্ধ হয় এক শিশুসহ আরও অন্তত ১৩ জন। এই রক্তক্ষয়ী ঘটনা এমন এক সময়ে ঘটলো, যখন মেক্সিকো নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

স্বাভাবিকভাবেই তাই পুরো দেশের নিরাপত্তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে বিশ্ব গণমাধ্যমে। বিশ্বকাপ উপলক্ষ্যে লাখ লাখ পর্যটক আসবে বলে ধারণা করছে ফিফা, সেক্ষেত্রে তাদের নিরাপত্তা ব্যবস্থা এখন হুমকির মুখে পড়ে গেলো বলে মনে করেন বিশ্লেষকরা। যদিও, পুরো বিষয়টির সঙ্গে দেশের নিরাপত্তাকে এক করতে চান না মেক্সিকোর প্রশাসনিক কর্তারা। তাদের দাবি, বিশ্বকাপ আয়োজন হবে নির্বিঘ্ন।

ওমর গার্সিয়া বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে কোন সমস্যা নেই। আমাদের দেশের কোনো প্রত্নতাত্ত্বিক এলাকায় এমন দুর্ভাগ্যজনক ঘটনা আগে কখনোই ঘটেনি। প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে আসেন, কিন্তু একটি ঘটনাও আগে ঘটেনি। রাষ্ট্রপতির নির্দেশে আমরা এখন প্রত্নতাত্ত্বিক এলাকাগুলোতেও নিরাপত্তা জোরদার করছি।’

বিশ্বকাপের আর মাত্র মাসখানেক বাকি। মেক্সিকো সিটি, গুয়াদালাজারা এবং মোন্তেরেই, এই তিন শহরে অনুষ্ঠিত হবে ১৩টি ম্যাচ। যার মধ্যে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে খোদ মেক্সিকো সিটিতে। কিন্তু সাম্প্রতিক সময়ে মেক্সিকোর অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি বেশ অস্থির। গত ফেব্রুয়ারিতে ড্রাগ কার্টেল নেতা এল মেনচো’র মৃত্যুর পর দেশজুড়ে সহিংসতা বেড়ে যায় কয়েকগুণ। সেই রেশ কাটতে না কাটতেই পর্যটন কেন্দ্রে এই হামলা আন্তর্জাতিক মহলে মেক্সিকোর সক্ষমতা নিয়ে সংশয় বাড়িয়েছে।

সমালোচকরা প্রশ্ন তুলছেন, যেখানে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অস্ত্রধারী অনায়াসে ঢুকে পড়ছে, সেখানে বিশ্বকাপের লাখ লাখ বিদেশি দর্শকের নিরাপত্তা কতটা সুরক্ষিত। তবে, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো আস্থা রাখতে চান মেক্সিকোর ওপর। দেশটির নিরাপত্তা সচিবের দাবি, বিশ্বকাপের প্রোটোকল প্রস্তুত হয়েছে আরও এক বছর আগেই।

‘বিশ্বকাপের সব নিরাপত্তা প্রোটোকল তৈরি আছে। আমরা এক বছরের বেশি সময় ধরে এগুলো নিয়ে কাজ করছি। এটি একটি ভিন্ন ঘটনা ছিল কারণ বিশ্বকাপের প্রোটোকলগুলো আগে থেকেই সক্রিয় এবং সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় রয়েছে।’

মার্চ মাসে পপ তারকা শাকিরার কনসার্টে ৪ লাখ মানুষের সফল নিরাপত্তা নিশ্চিত করে মেক্সিকো নিজেদের সামর্থ্য দেখিয়েছিল। এবার বিশ্বকাপের মতো বিশাল আসরে সেই ধারাবাহিকতা ধরে রাখাটাই মেক্সিকোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

টিজে/টিএ 

মন্তব্য করুন