মাত্র ৮ রানের ইনিংসেই নতুন রেকর্ড গড়লেন সূর্যবংশী
ছবি: সংগৃহীত
১১:৫৮ এএম | ২৩ এপ্রিল, ২০২৬
লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে রাজস্থান রয়্যালসের ওপেনার বৈভাব সূর্যবংশীর ব্যাটে বুধবারের (২২ এপ্রিল) ইনিংস খুব বেশি দীর্ঘ হয়নি। মাত্র ১১ বলে ২ চারসহ ৮ রান করে চতুর্থ ওভারেই সাজঘরে ফিরতে হয় ১৫ বছর বয়সি এই বিস্ময় বালককে। তবে ছোট এই ইনিংসই লিখে দিয়েছে আইপিএলের ইতিহাসে নতুন এক রেকর্ড।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন সূর্যবংশী। ইনিংসের শুরুতেই প্রিন্স যাদবের বলে চার মেরে আইপিএলে নিজের ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। পরের বলেই আরেকটি বাউন্ডারি হাঁকিয়ে রেকর্ডটি আরও স্মরণীয় করে তোলেন এই তরুণ ওপেনার।

আইপিএল ইতিহাসে সবচেয়ে কম বল খেলে ৫০০ রান করার রেকর্ড এখন সূর্যবংশীর দখলে। মাত্র ২২৭ বলে তিনি পৌঁছে যান এই মাইলফলকে। এর আগে এই রেকর্ড ছিল গ্লেন ম্যাক্সওয়েলের, যিনি ২৬০ বলে এবং প্রিয়ানশ আরিয়া ২৭৮ বলে ৫০০ রান পূর্ণ করেছিলেন।
গত মৌসুমে আইপিএলে অভিষেকের পর থেকেই আলোচনায় আছেন সূর্যবংশী। মাত্র ৭ ম্যাচে একটি সেঞ্চুরি ও একটি ফিফটির সাহায্যে করেছিলেন ২৫২ রান। চলতি আসরেও সমান ৭ ম্যাচে দুইটি ফিফটি সহ করেছেন ২৫৪ রান। সব মিলিয়ে আইপিএলে তার মোট রান এখন ৫০৬।
এদিকে সূর্যবংশীর রেকর্ডের রাতে জয় পেয়েছে রাজস্থান। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৯ রানের পুঁজি পায় তারা। জবাবে জোফরা আর্চারের বোলিং তোপে ১১৯ রানেই গুটিয়ে যায় লখনৌর ইনিংস। এই জয়ে টেবিলের দুইয়ে উঠে এলো রাজস্থান।
আরআই/ এসএন