বিশ্বকাপের সময় গণশৌচাগার সংকটে পড়তে পারে নিউইয়র্ক
ছবি: সংগৃহীত
০৬:৩৪ পিএম | ২৩ এপ্রিল, ২০২৬
আর কিছু দিন পরই পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। এরই মধ্যে নতুন এক অপ্রত্যাশিত সমস্যায় পড়েছে বিশ্বকাপের শহর নিউইয়র্ক সিটি। আসরকে সামনে রেখে শহরটিতে দেখা দিয়েছে গণশৌচাগারের সংকট, যা লাখো দর্শনার্থীকে নতুন ভোগান্তিতে ফেলতে পারে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের একাধিক ম্যাচ অনুষ্ঠিত হবে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে। ধারণা করা হচ্ছে, এই সময় নিউইয়র্ক ও আশপাশের এলাকায় এক মিলিয়নেরও বেশি মানুষ আসবেন।
কিন্তু বর্তমান পরিসংখ্যান বলছে, শহরটিতে প্রতি প্রায় ৮,৫০০ মানুষের জন্য রয়েছে মাত্র একটি গণশৌচাগার। ফলে সাধারণ সময়েই পার্ক ও পর্যটন এলাকায় দীর্ঘ লাইনের সমস্যা দেখা যায়।
মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোট আটটি ম্যাচ-যার মধ্যে রয়েছে গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচ, নকআউটের দুটি ম্যাচ এবং ফাইনাল। ফলে এই অঞ্চলে দর্শক সমাগম হবে সবচেয়ে বেশি।
বিশ্বকাপের সময় চাপ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয় কর্মকর্তারা। নিউইয়র্ক ও নিউ জার্সির মধ্যে সমর্থকদের যাতায়াত, বিশেষ করে মেটলাইফ স্টেডিয়ামকে ঘিরে, মৌলিক সেবাগুলোর ওপর বাড়তি চাপ তৈরি করবে।
নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ ইতোমধ্যে শৌচাগার সুবিধা বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। তাদের মতে, এমন একটি বড় আয়োজনের সময় মৌলিক সুবিধা নিশ্চিত করা না গেলে শহরের ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
টিকে/