© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০২৮ সালের অলিম্পিক ক্রিকেট ভেন্যু চূড়ান্ত

শেয়ার করুন:
২০২৮ সালের অলিম্পিক ক্রিকেট ভেন্যু চূড়ান্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৫ পিএম | ২৩ এপ্রিল, ২০২৬
আসন্ন ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট ম্যাচগুলো ক্যালিফোর্নিয়ার পমনায় অবস্থিত ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’-এ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। এর এক দিন আগে ভেন্যুটিতে একটি বর্ণাঢ্য ‘গ্রাউন্ড ব্রেকিং সেরেমনি’ অনুষ্ঠিত সম্পন্ন হয়।

আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত এই ভেন্যুটিকে ‘এলএ-২৮ ক্রিকেটের আসল ঠিকানা’ হিসেবে অভিহিত করেছেন। অনুষ্ঠানে উপস্থিত আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং বলিউড সুপারস্টার শাহরুখ খান এই পদক্ষেপকে বিশ্বজুড়ে ক্রিকেট প্রসারের একটি মাইলফলক হিসেবে বর্ণনা করেন।

এই মাঠটি আগে থেকেই মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দল ‘লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স’-এর হোম গ্রাউন্ড হিসেবে নিশ্চিত করা হয়েছিল, যেখানে আগামী মৌসুমে সাতটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার অলিম্পিক গেমসের নারী ও পুরুষ উভয় বিভাগের ক্রিকেট ম্যাচগুলোও এখানেই আয়োজিত হবে।

অনুষ্ঠানে আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘ক্রিকেট বিশ্বব্যাপী নিজের অবস্থান শক্ত করতে এক বিশাল পদক্ষেপ নিচ্ছে। অলিম্পিকের অংশ হওয়া আমাদের জন্য একই সঙ্গে গর্ব এবং স্বপ্নের বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রসারে এই ভেন্যু ঐতিহাসিক ভূমিকা রাখবে।’

আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত বলেন, ‘১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেটের এই প্রত্যাবর্তন কোটি কোটি ভক্তের ভালোবাসার প্রতিফলন। এটি কেবল একটি মাঠ নয়, বরং ক্রিকেটের বিশ্বমঞ্চে ফেরার দীর্ঘদিনের প্রতিশ্রুতির বাস্তবায়ন।’

নাইট রাইডার্স স্পোর্টস-এর অন্যতম মালিক শাহরুখ খান বলেন, ‘আজ কেবল একটি মাঠের কাজ শুরু নয়, বরং লস অ্যাঞ্জেলেসের ক্রীড়া ঐতিহ্যের হৃদয়ে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় খেলা ক্রিকেটকে নিয়ে আসার স্বপ্নপূরণ শুরু হলো।’

দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি ক্রীড়াবিশ্বের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। পমনার মেয়র টিম স্যান্ডোভাল এবং এলএ-২৮-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই প্রকল্পটির সূচনা করা হয়। আশা করা হচ্ছে, এই উদ্যোগ মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের গ্রহণযোগ্যতা আরও শক্ত করবে। 

এবি/টিএ

মন্তব্য করুন