শুক্রবার এনসিপিতে যোগ দিচ্ছেন যুবদলের সাবেক নেতা ইসহাক সরকার
ছবি: সংগৃহীত
০৭:৩৮ পিএম | ২৩ এপ্রিল, ২০২৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হতে যাচ্ছেন। সরে দাঁড়াচ্ছেন বর্তমানে এই পদে থাকা দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।
আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ইসহাক সরকারের যোগদান অনুষ্ঠান হবে বলে এনসিপির কেন্দ্রীয় এক নেতা দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন।
জানা গেছে, কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ইসহাক সরকার জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হতে যাচ্ছেন। তিনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ফুটবল মার্কায় ঢাকা-৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তৃতীয় সর্বোচ্চ ভোটও পান ইসহাক সরকার। বিগত শেখ হাসিনার শাসনামলে ইসহাক সরকার তিন শতাধিক রাজনৈতিক মামলার আসামি ছিলেন।
পদ ছেড়ে দেওয়া প্রসঙ্গে আলাউদ্দীন মোহাম্মদ দেশের একটি গণমাধ্যমকে বলেন, দলীয় স্বার্থ সবার আগে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বের হাতে গড়ে ওঠা দল এনসিপির সাংগঠনিক বিস্তৃতি দেশের জন্য অত্যন্ত জরুরি। এমতাবস্থায় সাংগঠনিক সম্প্রসারণের জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
উল্লেখ্য, এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ একইসাথে দলের আন্তর্জাতিক বিষয়ক সেলের সহ-সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।
ইসহাক সরকারের কাছে এনসিপিতে যোগদান বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, তাকে বিএনপির পক্ষ থেকে মানুষের সেবা করার সুযোগ দেওয়া হয়নি। এছাড়া অফিস দখল করে নেওয়া হয়েছে, আরও নানাভাবে হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এছাড়া, সকলের দোয়া চেয়ে কারও প্রতি কোনো বিদ্বেষ না রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এমআর/টিকে