বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের
ছবি: সংগৃহীত
১০:২৯ এএম | ২৪ এপ্রিল, ২০২৬
লা লিগায় সেলতা ভিগোর বিপক্ষে খেলতে নেমে চোটে পড়েন লামিনে ইয়ামাল। বুধবার ক্যাম্প ন্যুতে ম্যাচের ৪০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড। গোলের পরই মাটিতে লুটিয়ে পড়েন ইয়ামাল। এরপর খুড়িয়ে খুড়িয়ে ছাড়েন মাঠ এবং টানেল দিয়ে সোজা পৌঁছান ড্রেসিংরুমে।
চোটের কারণে শঙ্কা তৈরি হয় আদৌ মৌসুমের অবশিষ্ট অংশ এবং বিশ্বকাপে অংশ নিতে পারবেন কি না ইয়ামাল। যদিও বৃহস্পতিবার বার্সার ট্রেনিং গ্রাউন্ডে স্পেন তারকার পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গেছে, ইয়ামালকে অস্ত্রোপচার করাতে হবে না। তবে ‘কনজারভেটিভ ট্রিটমেন্ট প্ল্যান’ বা বিশেষ পর্যবেক্ষণে থাকতে হবে তাকে। অর্থাৎ লিগের শেষ ছয় ম্যাচে তাকে পাচ্ছে না কাতালান ক্লাব।

স্প্যানিশ ফুটবল ভক্তদের জন্য আশার কথা হলো, ১৫ জুন আটালাল্টায় কেপ ভার্দের বিপক্ষে স্পেনের বিশ্বকাপ মিশন শুরুর আগেই ইয়ামাল সুস্থ হয়ে উঠবেন বলে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে। গ্রুপ ‘এইচ’-এ স্পেনের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে।
ইয়ামালের অনুপস্থিতি বার্সার শিরোপা জয়ের পথে কিছুটা জটিলতা তৈরি করলেও তারা সুবিধাজনক অবস্থানে রয়েছে। লিগে রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে থাকা বার্সার হাতে আর ৬টি ম্যাচ রয়েছে। আগামী ১০ মে ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিতব্য মৌসুমের দ্বিতীয় লিগ ‘এল ক্লাসিকো’ শিরোপা নির্ধারণে বড় ভূমিকা পালন করতে পারে।
হান্সি ফ্লিকের অধীনে টানা দ্বিতীয় লিগ শিরোপা জয়ের লক্ষ্যে বার্সাকে হেতাফে এবং ওসাসুনার বিপক্ষে কঠিন অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। শেষ তিন ম্যাচে তারা আলাভেস, রিয়াল বেতিস এবং ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে।
মৌসুমে ইয়ামাল সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫টি ম্যাচ খেলেছেন। ২৪ গোলের পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট করে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি।
আরআই/এসএন