মুম্বাইকে হারিয়ে চেন্নাইয়ের দুর্দান্ত জয়
ছবি: সংগৃহীত
১০:৩৫ এএম | ২৪ এপ্রিল, ২০২৬
আইপিএলে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মুম্বাইয়ের বিপক্ষে সহজ জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের জয়ে নায়ক দুজন-ব্যাট হাতে সাঞ্জু স্যামসন, আর বল হাতে আকেল হোসেন। সাঞ্জুর দুর্দান্ত সেঞ্চুরির পর আকিল ও নুর আহমেদের ঘূর্ণিতে বিধ্বস্ত হয়ে মুম্বাই ইন্ডিয়ান্স হেরেছে ১০৩ রানে। এটি আইপিএল ইতিহাসে চেন্নাইয়ের সবচেয়ে বড় ব্যবধানে জয়।
ওয়াংখেড়ের ব্যাটিং-সহায়ক উইকেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ২০৭ রান তোলে চেন্নাই। শুরুতে অধিনায়ক রুতুরাজ গাইকওয়াড ১৪ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেন। এরপর সাঞ্জু ম্যাচের নিয়ন্ত্রণ নেন। সরফরাজ খান, ডেওয়াল্ড ব্রেভিস ও কার্তিক শর্মার ছোট ছোট অবদানে বড় সংগ্রহের ভিত গড়ে ওঠে।

বিশেষ করে ব্রেভিস ১১ বলে ২১ রান করে গতি বাড়ান। শেষ দিকে বুমরাহ কিছুটা নিয়ন্ত্রণ আনলেও থামেননি সাঞ্জু। ৫৪ বলে শতরান পূর্ণ করে শেষ পর্যন্ত ১০১ রানে অপরাজিত থাকেন।
২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধাক্কা খায় মুম্বাই। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা আকিল হোসেন একাই ভেঙে দেন তাদের ব্যাটিং লাইনআপ। এই ক্যারিবীয় স্পিনার নেন ৪ উইকেট, নুর আহমেদ যোগ করেন ২টি। হার্দিক পান্ডিয়া কিংবা সূর্যকুমার-কেউই প্রতিরোধ গড়তে পারেননি। মাত্র ১০৪ রানেই গুটিয়ে যায় মুম্বাই।
এই জয়ে ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এলো চেন্নাই। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আট নম্বর স্থানে মুম্বাই।
আরআই/এসএন