আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিলেন সুজি বেটস
ছবি: সংগৃহীত
১০:৩৮ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে অবসর নেবেন সুজি বেটস। অভিজ্ঞ এই ক্রিকেটার নিজের অবসরের এই সিদ্ধান্ত ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন ক্রিকেট নিউজিল্যান্ডকে। অর্থাৎ, আসন্ন বিশ্বকাপ দিয়েই ব্যাট-প্যাড তুলে রাখতে যাচ্ছেন কিউদের নারী ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই তারকা।
২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বেটসের। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০,৬৮১ রান করেছেন তিনি।
নিউজিল্যান্ডের হয়ে ১৮১টি ওয়ানডে ম্যাচ এবং ১৮১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১৪টি সেঞ্চুরি রয়েছে তার।
অবসরের সিদ্ধান্ত নিয়ে বেটস বলেছেন, 'গত ২০ বছরের বেশি সময় ধরে খেলছি। পেছন ফিরে তাকালে বিশ্বাসই হয় না, সময় কত দ্রুত চলে যায়।

এত বার ‘ফার্ন’ জার্সি পরার সুযোগ পাওয়ায় আমি গর্বিত। এই দলের জন্য প্রতিদিন ভালো ক্রিকেটার, মানুষ, সতীর্থ হয়ে ওঠার চেষ্টা করেছি। এই চেষ্টা আমাকে সব সময় আনন্দ দিয়েছে।'
'এই যাত্রা পথে আমার সব সতীর্থ এবং কোচদের প্রতি কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমার একটাই শেষ লক্ষ্য রয়েছে। যুক্তরাজ্যে যেতে চাই। ওখানে আমার দুর্দান্ত সব স্মৃতি রয়েছে। আরও এক বার বিশ্বকাপ জিততে চাই।'
নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৪৭১৭ রান করেছেন বেটস। ওয়ানডে ক্রিকেটে করেছেন ৫৯৬৪ রান। প্রথম নারী ক্রিকেটার হিসেবে ৩৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। একমাত্র নারী ক্রিকেটার হিসেবে ক্রিকেটজীবনে সব মিলিয়ে ২৫ হাজারের বেশি রান করার কৃতিত্বও তার। ২০১১ থেকে প্রায় সাত বছর নিউজিল্যান্ডের অধিনায়ক ছিলেন।
২০০৩ সালে ১৫ বছর বয়সে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বেটসের। ১৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। ক্রিকেট ছাড়াও বেটস দক্ষ বাস্কেটবল খেলোয়াড়। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করেছিলেন।
এসকে/টিকে