হ্যাটট্রিক সাফ মিশনের প্রস্তুতি নিতে চট্টগ্রামে ঋতুপর্ণারা
ছবি: সংগৃহীত
১১:০১ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬
টানা দুইবারের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল। এবার তাদের মিশন হ্যাটট্রিক শিরোপার। গত পরশু সাফ নারী টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে।
আজ (শুক্রবার) ফুটবলাররা চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে গেছেন নিবিড় অনুশীলনের জন্য।
চট্টগ্রাম যাওয়ার আগে ঋতুপর্ণাদের ভারতীয় ভিসার আবেদন করেছে বাফুফে। কারণ ভারত যাওয়ার আগে বিদেশে ক্যাম্প বা প্রস্তুতি ম্যাচ খেলানোর পরিকল্পনা রয়েছে। এজন্য আগেভাগে ভারতীয় ভিসা নিয়ে রাখছে বাংলাদেশ কন্টিনজেন্ট। এশিয়ান কাপের প্রস্তুতির জন্য চট্টগ্রামে বাংলাদেশ দল ফ্লাইটে গেলেও আজ অবশ্য বাসে ভ্রমণ করেছে।

বাফুফের ক্যাম্পে ৫০ জনের বেশি ফুটবলার। চট্টগ্রামে শুধু সিনিয়র ফুটবলারদের নিয়ে গেছেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। তার সঙ্গে কোচিং স্টাফ হিসেবে আছেন অস্ট্রেলিয়ান কন্ডিশনিং কোচ লর্ড ম্যাকরন, গোলরক্ষক কোচ মাসুদ হাসান উজ্জ্বল। ঢাকায় অ-২০ নারী ফুটবলারদের কোচিং করাচ্ছেন মাহবুবুর রহমান লিটু।
বাংলাদেশ গত দুই সাফ চ্যাম্পিয়ন হয়েছে সাবিনা খাতুনের নেতৃত্বে। এবার হ্যাটট্রিক মিশনে তিনি বাংলাদেশ দলের ক্যাম্পে নেই। কোচ বাটলার সাবিনা,মাসুরা, কৃষ্ণা, সুমাইয়া ও সানজিদাকে দলে রাখেন না। তিনি যতদিন কোচ আছেন, সম্ভাবত জাতীয় দলে তাদের দুয়ার বন্ধই থাকছে।
এসকে/টিকে