এবার ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিলেন সামিত প্যাটেল
ছবি: সংগৃহীত
১২:৩৭ এএম | ২৫ এপ্রিল, ২০২৬
ভারতের গোয়ায় অনুষ্ঠিত লিজেন্ডস প্রো টি-টোয়েন্টি লিগে অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া বেশ কয়েকজন পরিচিত মুখ। এই তালিকায় ছিলেন সামিত প্যাটেল, রবি বোপারা ও পিটার সিডলের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও।
তবে অনুমোদনহীন এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জেরে শাস্তির মুখে পড়তে হয়েছে তাদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার পর ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন সামিত প্যাটেল। তবে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন এই অলরাউন্ডার।
প্যাটেল জানান, নিষেধাজ্ঞা না থাকলে তিনি চলতি গ্রীষ্মেও ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলতে প্রস্তুত ছিলেন। কয়েকটি কাউন্টি ক্লাবের সঙ্গে তার আলোচনা চলছিল বলেও উল্লেখ করেন তিনি। যদিও কোনো চুক্তি চূড়ান্ত হয়নি।
তিনি বলেন, ‘আমি এই গ্রীষ্মে খেলতাম। কয়েকটি কাউন্টির সঙ্গে আমার কথা হয়েছিল, চুক্তি সই হয়নি, তবে আলোচনা চলছিল। তাই শেষ মুহূর্তে কোথাও একটা চুক্তি হয়ে যেত।’
২০০৮ থেকে ২০১৫ সালের মধ্যে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৬০টি ম্যাচ খেলেছেন তিনি। পাশাপাশি নটিংহ্যামশায়ারের হয়ে দীর্ঘ ২২ বছরে ৬২৯ ম্যাচে মাঠে নেমেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। পরে ২০২৪ সালে ডার্বিশায়ারের সঙ্গে দুই বছরের সাদা বলের চুক্তিতে যোগ দেন প্যাটেল, যা শেষ হয় গত বছরের টি-টোয়েন্টি ব্লাস্ট শেষে ক্লাব ছাড়ার মধ্য দিয়ে।
লিজেন্ডস প্রো লিগে অংশ নেওয়াকে এখন নিজের ভুল হিসেবেই দেখছেন সামিত প্যাটেল। পুরো ঘটনাটি নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি জানিয়েছেন, সুযোগ পেলে হয়ত এমন সিদ্ধান্ত আর নিতেন না। ‘আমি সম্ভবত ওই ওয়ার্ল্ড লেজেন্ডস লিগে খেলতাম না। সেখানে আমরা খেলতে পারবো কি না, তা নিয়ে অনেক অনিশ্চয়তা ছিল। কিন্তু এখন আর সেদিকে ফিরে যাওয়া সম্ভব নয়।’
বিবিসি স্পোর্টের এক অনুষ্ঠানে প্যাটেল বলেন, ওই টুর্নামেন্টে খেলা নিয়ে শুরু থেকেই অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত সেই ঝুঁকি নেওয়াটা ঠিক হয়নি বলেই মনে করছেন তিনি। প্যাটেলের ভাষায়, এখন আর পেছনে ফিরে কিছু বদলানোর সুযোগ নেই, আর এই ঘটনাই তাকে দ্রুত ভবিষ্যৎ নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
এমআর/টিএ