ট্রেনের ছাদে ভ্রমণের সময় ব্রিজের গার্ডারে ধাক্কায় যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত
০২:৪৩ এএম | ২৫ এপ্রিল, ২০২৬
রাজবাড়ী জেলার পাংশায় ট্রেনের ছাদে ভ্রমণের সময় রেলসেতুর গার্ডারে ধাক্কা লেগে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কালুখালী ও পাংশা উপজেলার সীমান্তবর্তী কালীকাপুর রেলসেতুর পাংশা অংশের সত্যজিৎপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক মিনান শেখ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মধুমতি ট্রেনের ছাদে ছিল ওই যুবক। সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি সত্যজিৎপুর রেলওয়ে ব্রিজে পৌঁছালে ছাদে থাকা ওই যুবক ব্রিজের গার্ডারের সঙ্গে ধাক্কা খেয়ে ব্রিজের নিচে পড়ে মারা যায়। পরে স্থানীয়রা বিষয়টি পাংশা থানা পুলিশ ও রাজবাড়ী রেলওয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
রাজবাড়ী জিআরপি থানার উপপরিদর্শক(এসআই) মো. আরিফুর রহমান বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আইকে/টিএ