© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভিনিসিয়ুসকে বর্ণবাদী গালি: ৬ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন উইঙ্গার প্রেস্তিয়ান্নি

শেয়ার করুন:
ভিনিসিয়ুসকে বর্ণবাদী গালি: ৬ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন উইঙ্গার প্রেস্তিয়ান্নি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৮ এএম | ২৫ এপ্রিল, ২০২৬
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রকে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্যের ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে কড়া সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। বেনফিকার আর্জেন্টাইন তরুণ উইঙ্গার জানলুকা প্রেস্তিয়ান্নিকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগে ঘটে যাওয়া সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর কেটে গেছে দুই মাসেরও বেশি সময়। গত ১৭ ফেব্রুয়ারি শেষ ষোলোর প্লে-অফে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল বেনফিকা- সেই ম্যাচেই ঘটে বিতর্কের সূত্রপাত, যা পরে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোড়ন তোলে।

ঘটনার পরপরই প্রাথমিক শাস্তি হিসেবে এক ম্যাচের জন্য সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল প্রেস্তিয়ান্নিকে। ফলে রিয়ালের বিপক্ষে দ্বিতীয় লেগে মাঠে নামতে পারেননি তিনি। তবে পূর্ণাঙ্গ তদন্ত শেষে এবার আরও বড় শাস্তি ঘোষণা করল উয়েফা।

একই ঘটনার জেরে শেষ পর্যন্ত বড় শাস্তির মুখে পড়লেন জানলুকা প্রেস্তিয়ান্নি। শুক্রবার (২৪ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বিষয়টি নিশ্চিত করেছে।


‘উয়েফা এথিকস ও ডিসিপ্লিনারি পরিদর্শকের তদন্ত শেষে, বৈষম্যমূলক আচরণের দায়ে বেনফিকার খেলোয়াড় জানলুকা প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো। বৈষম্যমূলক আচরণের জন্য উয়েফার ক্লাব অথবা জাতীয় দলের মোট ৬টি অফিসিয়াল ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়া হলো জানলুকা প্রেস্তিয়ান্নিকে, যেসব ম্যাচে খেলতে তিনি উপযুক্ত সেগুলোর ক্ষেত্রে এটা বিবেচ্য।’

উয়েফার বিবৃতির তারিখ থেকেই কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। তবে পুরো শাস্তি একসঙ্গে বহাল থাকছে না- ছয় ম্যাচের মধ্যে তিনটি আগামী দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে, যা কিছুটা হলেও স্বস্তি দিতে পারে তরুণ এই ফুটবলারকে।

ম্যাচের ৫০তম মিনিটে বেনফিকার মাঠে দারুণ এক গোল করে কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে নেচে উদযাপন করেন ভিনিসিউস জুনিয়র। উদযাপনটি ‘অতিরিক্ত’ মনে হওয়ায় তাকে হলুদ কার্ড দেখান রেফারি। ঠিক এরপরই পরিস্থিতি জটিল হয়ে ওঠে এবং বর্ণবাদী মন্তব্যের অভিযোগ সামনে আসে।ভিনিসিয়ুস ও তার সতীর্থদের তীব্র প্রতিবাদের মুখে কিছু সময়ের জন্য খেলা বন্ধ রাখতে বাধ্য হন ম্যাচ অফিসিয়াল।

ঘটনার সময়কার টিভি ফুটেজে দেখা যায়, মুখে জার্সি চাপা দিয়ে কিছু বলছিলেন জানলুকা প্রেস্তিয়ান্নি। তার ওই মন্তব্যই ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জন্ম দেয় ভিনিসিয়ুসসহ আশেপাশের খেলোয়াড়দের মধ্যে। সেখানে উপস্থিত ছিলেন কিলিয়ান এমবাপ্পেও। ফুটেজ দেখে বোঝা যায়, ক্ষোভ প্রকাশ করে প্রেস্তিয়ান্নির দিকে ‘ব্লাডি রেসিস্ট’ বলে চিৎকার করছিলেন এই ফরাসি তারকা।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এমবাপ্পে তীব্র সমালোচনা করেন প্রতিপক্ষের ওই খেলোয়াড়ের। তার দাবি, বেনফিকার ২৫ নম্বর জার্সিধারী ফুটবলার বারবার অপমানজনক মন্তব্য করেছেন ভিনিসিয়ুসকে উদ্দেশ করে- যা তিনি নিজ কানে শুনেছেন। এমন আচরণের পর তাকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার অযোগ্য বলেও মন্তব্য করেন এমবাপ্পে।

এর আগে যে এক ম্যাচের সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেটিও বর্তমান শাস্তির সঙ্গে যুক্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত নিশ্চিতভাবে অন্তত দুই ম্যাচে তাকে মাঠের বাইরে থাকতে হবে। তবে এখানেই শেষ নয়- ঘটনাটিকে গুরুত্ব দিয়ে ফিফার কাছেও বড় পরিসরে শাস্তির সুপারিশ করেছে উয়েফা। এতে করে ২০ বছর বয়সি এই আর্জেন্টাইন ফুটবলারের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও শঙ্কা তৈরি হয়েছে, এমনকি ভবিষ্যৎ বিশ্বকাপে অংশ নেওয়ার সম্ভাবনাও ঝুঁকির মুখে পড়তে পারে।

উল্লেখ্য, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত মাত্র একবার মাঠে নেমেছেন প্রেস্তিয়ান্নি। গত নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি হিসেবে অভিষেক হয়েছিল তার। আর সাম্প্রতিক জাম্বিয়ার বিপক্ষে ম্যাচে স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত বেঞ্চেই কাটাতে হয়েছে পুরো সময়।

এমআর/টিএ  

মন্তব্য করুন