কোকেইন নিয়ে ফের নিষিদ্ধ নিউজিল্যান্ডের সাবেক পেসার
ছবি: সংগৃহীত
০৬:২৭ এএম | ২৫ এপ্রিল, ২০২৬
মাস সাতেক আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচের সময়ের নমুনা পরীক্ষায় ডগ ব্রেসওয়েলের শরীরে মাদক দ্রব্য কোকেইনের উপস্থিতি পাওয়া গেছে। তাই নিউজিল্যান্ডের সাবেক এই পেসারকে কাউন্টি ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর চেমসফোর্ডে এসেক্স ও সমারসেটের ডিভিশন ওয়ানের ম্যাচ চলাকালীন নমুনা সংগ্রহ করা হয়েছিল। বিশ্ব ডোপবিরোধী সংস্থা (ওয়াডা) স্বীকৃত লন্ডনের একটি পরীক্ষাগারে বিশ্লেষণে ব্রেসওয়েলের শরীরে কোকেইনের উপস্থিতি নিশ্চিত হয়েছে, ওয়াডার বিধি অনুযায়ী নিষিদ্ধ পদার্থ এটি।
এসেক্সের হয়ে খেলা ব্রেসওয়েলের এই পদার্থটির ব্যবহারের অনুমতি ছিল না। পরে তিনি স্বীকার করে নেন যে, ম্যাচ শুরুর দিন ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে ২৫ সেপ্টেম্বর ভোর পর্যন্ত তিনি কোকেইন ব্যবহার করেছিলেন এবং এটি ছিল ডোপবিরোধী নিয়মের লঙ্ঘন।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) স্বাধীন সংস্থা ‘দা ক্রিকেট রেগুলেটর’ শুক্রবার এক বিবৃতিতে ব্রেসওয়েলের শাস্তির কথা জানায়।
২০২৩ সালের ডিসেম্বরে এই সংস্থা চালু করে ইসিবি। ইংলিশ ক্রিকেটে দুর্নীতি-বিরোধী, ডোপ-বিরোধী, সুরক্ষা এবং বৈষম্যবিরোধী নিয়মকানুন পর্যবেক্ষণ ও সেগুলো মেনে চলা নিশ্চিত করাসহ আরও বেশ কিছু কাজ করে থাকে সংস্থাটি।
৩৫ বছর বয়সী ব্রেসওয়েল শাস্তি মেনে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি। তার এই নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয়েছে গত ২৪ নভেম্বর থেকে, যখন তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। ২০২৭ সালের ২৩ নভেম্বর পর্যন্ত চলবে নিষেধাজ্ঞা।
২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে নিউ জিল্যান্ডের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৬৯ ম্যাচ খেলা ব্রেসওয়েল গত বছরের ডিসেম্বরে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। তবে তার নিষেধাজ্ঞাটি এখনও প্রযোজ্য। ইসিবি বা ওয়াডার অধীনস্থ অন্য কোনো সংস্থার এখতিয়ারভুক্ত যেকোনো ক্রিকেট কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না তিনি।
ডোপিংয়ের দায়ে ব্রেসওয়েলের নিষিদ্ধ হওয়া যদিও নতুন নয়। ২০২৪ সালে নিউ জিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সুপার স্ম্যাশের সময় একই পদার্থ ব্যবহার করায় তাকে এক মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটির স্পোর্টস ট্রাইব্যুনাল।
এমআর/টিএ