© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তৃতীয় পছন্দের গোলরক্ষককে খেলানো ছাড়া উপায় নেই লিভারপুলের

শেয়ার করুন:
তৃতীয় পছন্দের গোলরক্ষককে খেলানো ছাড়া উপায় নেই লিভারপুলের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫০ এএম | ২৫ এপ্রিল, ২০২৬
আগে থেকেই মাঠের বাইরে আছেন আলিসন। সবশেষ ম্যাচে চোট পেয়েছেন জিওর্জি মামারদাশভিলি। প্রতিকূল পরিস্থিতিতে আসছে ম্যাচে তৃতীয় পছন্দের গোলরক্ষক ফ্রেডি উডম্যানকে খেলানো ছাড়া উপায় নেই লিভারপুল কোচ আর্না স্লটের।

কয়েক সপ্তাহ ধরে হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন দলটির মূল গোলরক্ষক আলিসন। তার অনুপস্থিতিতে পোস্টের দায়িত্ব সামলাচ্ছিলেন জর্জিয়ার মামারদাশভিলি। গত সপ্তাহে প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে তিনিও হাঁটুর চোটে পড়েন এবং তার জায়গায় নামেন উডম্যান।

ওটাই লিভারপুলের জার্সিতে প্রিমিয়ার লিগে উডম্যানের প্রথম ম্যাচ। এখন সামনেও হয়তো কয়েকটি ম্যাচে তার ওপর ভরসা রাখতে হবে স্লটকে।

প্রিমিয়ার লিগে পরের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে লিভারপুল। তাদের মাঠ অ্যানফিল্ডে শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি। আগের দিন সংবাদ সম্মেলনে গোলরক্ষক সংকটের কথা তুলে ধরেন স্লট।



“নিশ্চিতভাবেই জিওর্জিকে (আসছে ম্যাচে) পাওয়া যাবে না এবং আগামী কয়েক সপ্তাহেও না।”

“আলি (আলিসন) ফেরার কাছাকাছি আছে। দেখা যাক, শনিবার হয়তো খুব তাড়াহুড়ো হয়ে যায় তার জন্য। ফলে ফ্রেডি উডম্যান এখন আমাদের সামনে বিকল্প আছে, সে পুরোপুরি ফিট আছে।”

লিগ শিরোপা ধরে রাখার লড়াই থেকে অনেক আগেই ছিটকে পড়া লিভারপুল এখন আছে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লক্ষ্যে। ৩৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে তারা, ষষ্ঠ স্থানে থাকা ব্রাইটনের (৩৪ ম্যাচ খেলেছে) চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে।

এবার প্রিমিয়ার লিগের টেবিলের প্রথম পাঁচ দল সরাসরি পাবে চ্যাম্পিয়ন্স লিগের টিকেট।

এসকে/টিএ

মন্তব্য করুন