সারাদেশে অব্যাহত থাকবে বৃষ্টিপাতের প্রবণতা, অতি ভারী বর্ষণের পূর্বাভাস
ছবি: সংগৃহীত
০৭:৫২ এএম | ২৫ এপ্রিল, ২০২৬
বৈশাখে ‘কয়লাপোড়া’ রোদের দাপটে ৩৭ ডিগ্রিতে উঠেছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। সেই সঙ্গে ২১ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এতে তীব্র গরমে নাকাল প্রতিটি প্রাণ যেন এক পশলা বৃষ্টির অপেক্ষায়। এই অবস্থায় খানিকটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কয়েকটি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙামাটি, বান্দরবান, লক্ষ্মীপুর ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের ১০ জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায়ও কোথাও কোথাও তাপপ্রবাহের এমন দাপট অব্যাহত থাকতে পারে।
তবে এই অবস্থার মধ্যেই শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এদিকে সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিন রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
অন্যদিকে মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া আগামী বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিন ঢাকা, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নীলফামারীর রাজারহাটে দেশের সর্বোচ্চ ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রংপুরে ৩ মিলিমিটার ছাড়াও বগুড়ায় সামান্য বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কেএন/এসএন