সৌদি আরবের নতুন কোচ হলেন গ্রিক কোচ জর্জিওস ডনিস
ছবি: সংগৃহীত
০২:২৩ এএম | ২৬ এপ্রিল, ২০২৬
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে আর দুই মাসেরও কম সময় বাকি। এর মধ্যেই সৌদি আরব তাদের জাতীয় দলের কোচিং প্যানেলে পরিবর্তন আনল। ফরাসি কোচ হার্ভে রেনার্ডকে বরখাস্ত করে গ্রিক কোচ জর্জিওস ডনিসকে আনুষ্ঠানিকভাবে প্রধান কোচের দায়িত্ব দিল মধ্যপ্রাচ্যের দেশটি।
গত বৃহস্পতিবার সৌদি আরব ফুটবল ফেডারেশন ৫৬ বছর বয়সী জর্জিওস ডনিসকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে ২০২৭ সালের জুলাই পর্যন্ত নিয়োগ দিয়েছে। গ্রীসের সাবেক এই মিডফিল্ডার সৌদি ক্লাব আল-খালিজ থেকেই যোগ দিচ্ছেন জাতীয় দলের ডাগআউটে।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রথম গ্রীক ফুটবলার ছিলেন জর্জিওস ডনিস। ইংল্যান্ডে তিনি জর্জ ডনিস নামেও পরিচিত ছিলেন। যিনি ব্ল্যাকবার্ন, শেফিল্ড ইউনাইটেড এবং হাডার্সফিল্ডের হয়েও খেলেছেন। নিজ দেশের ক্লাব পানাথিনাইকোসের হয়েও দীর্ঘদিন মাঠ মাতিয়েছেন তিনি।

ফুটবল ক্যারিয়ার শেষ করে কোচ হিসেবে পানাথিনাইকোসের পাশাপাশি ইউরোপের বিভিন্ন ক্লাবের সাথে কাজ করেছেন। যার মধ্যে অন্যতম গ্রীক ক্লাব এইকে এথেন্স ও পিএওকে। কোচিং ক্যারিয়ারে তিনি ২০১৩-১৪ মৌসুমে সাইপ্রাস লিগ ও কাপ জিতেছেন।
এছাড়া সৌদি আরবেও সাফল্য পেয়েছেন জর্জিওস ডনিস। ২০১৫ সালে কিংস কাপ, ২০১৫-১৬ মৌসুমে ক্রাউন প্রিন্স কাপ এবং ২০১৫ সালে সৌদি সুপার কাপ জয় করেছেন তিনি। এসব অভিজ্ঞতা দলে তার দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে বলে বিশ্বাস ফেডারেশনের।
তিনবারের এশিয়ান চ্যাম্পিয়ন সৌদি আরব বিশ্বকাপে পড়েছে গ্রুপ ‘এইচ’-এ। আগামী ১৫ জুন বিশ্বকাপে গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে উরুগুয়ের বিপক্ষে। এছাড়াও তারা স্পেন ও কেপ ভার্দের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপে খেলতে দল যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ ক্যাম্পে যাওয়ার আগে রাজধানী রিয়াদে নতুন কোচিং স্টাফদের নিয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রেনার্ডের প্রথম মেয়াদে ২০২২ সালে কাতার বিশ্বকাপে সৌদি আরবের হয়ে আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলের জয়টি অন্তর্ভুক্ত ছিল। ২০২৪ সালে অক্টোবরে রবার্তো মানচিনির স্থলাভিষিক্ত হয়ে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে সহায়তা করেন।
কিন্তু দুইবারের আফ্রিকা কাপ অফ নেশনস বিজয়ী এই ফরাসি কোচ মিশরের কাছে ০-৪ গোলে প্রীতি ম্যাচে হার এবং সার্বিয়ার কাছে ১-২ গোলে পরাজিত হওয়ার পর চাপের মুখে পড়েন। এরপর বিশ্বকাপ শুরুর দুই মাস আগেই বরখাস্ত হন।
এমআর/টিএ