© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার ক্রিস্টাল প্যালেসকে হারাতে পারল লিভারপুল

শেয়ার করুন:
এবার ক্রিস্টাল প্যালেসকে হারাতে পারল লিভারপুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৭ এএম | ২৬ এপ্রিল, ২০২৬
পাঁচ মিনিটে দুই গোল হজমের পর, দ্বিতীয়ার্ধে চাপ বাড়াল ক্রিস্টাল প্যালেস। একটি গোল শোধ করে আবারও লিভারপুলকে রুখে দেওয়ার আশা জাগাল তারা। তবে, এবার আর কোনো ভুল করল না আর্না স্লটের দল। কষ্টে হলেও ব্যবধান ধরে রেখে কাঙ্ক্ষিত জয় পেল তারা।
অ্যানফিল্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। লিগে টানা তৃতীয় জয় পেল তারা।

আলেকসান্দার ইসাকের গোলে এগিয়ে যাওয়ার পর, ব্যবধান বাড়ান অ্যান্ড্রু রবাটর্সন। দানিয়েল মুনোস ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দিলেও, তেমন কিছু করতে পারেনি প্যালেস; শেষ দিকে দারুণ গোলে ব‍্যবধান বাড়ান ফ্লোহিয়ান ভিয়েৎস।
৩৪ ম্যাচে ১৭ জয় ও সাত ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে পাঁচে নেমে গেছে অ্যাস্টন ভিলা।

প্যালেসের বিপক্ষে আগের চারবারের দেখায় একটিও জয় ছিল না লিভারপুলের। পরাজয় সবশেষ দুটিতেই; গত সেপ্টেম্বরে লিগের প্রথম দেখায় ২-১ গোলে এবং পরের মাসে লিগ কাপে ৩-০ ব্যবধানে। এই দুই ম্যাচের আগে, গত অগাস্টে কমিউনিটি শিল্ড কাপেও প্যালেসের বিপক্ষে ২-২ ড্রয়ের পর, টাইব্রেকারে হেরেছিল স্লটের দল।

দলটির বিপক্ষে টানা ব্যর্থতার জাল ছেঁড়ার চ্যালেঞ্জে নেমে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যায় লিভারপুল। পাঁচ মিনিটের ব্যবধানে গোল দুটি করে তারা। প্রথম গোলটি আসে লক্ষ্যে তাদের প্রথম শটেই, ৩৫তম মিনিটে। আলেক্সিস মাক আলিস্তেরের জোরাল শট হয়তো লক্ষ্যভ্রষ্ট হতো, ডি-বক্সে সেটাই দারুণ এক ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে বল হাওয়ায় থাকা অবস্থায় শটে ঠিকানা খুঁজে নেন ইসাক।

গত ডিসেম্বরে পা ভেঙে ছিটকে পড়া সাড়ে ১২ কোটি দামের এই ফরোয়ার্ড সম্প্রতি মাঠে ফেরেন এবং এবার পেলেন গোল। দ্বিতীয় গোলটি তাদের দারুণ এক প্রতি-আক্রমণে ফল। প্রতিপক্ষের জোরাল একটি হেড ঝাঁপিয়ে রুখে দেন লিভারপুলের তৃতীয় পছন্দের গোলরক্ষক ফ্রেডি উডম্যান এবং সেখান থেকে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে স্বাগতিতরা। কার্টিস জোন্সের নিখুঁত পাস ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন স্কটিশ ডিফেন্ডার অ্যান্ড্রু রবার্টসন।

লড়াইয়ে ফিরতে দ্বিতীয়ার্ধে আক্রমণে জোর দেয় প্যালেস। আর লিভারপুল গোলের জন্য তেমন কোনো শটই নিতে পারছিল না। চাপ ধরে রেখে ৭১তম মিনিটে সাফল্য পায় সফরকারীরা। ইসমাইল সারের প্রচেষ্টায় উডম্যান ঠেকিয়ে দেওয়ার পর, আলগা বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে ব্যবধান কমান দানিয়েল মুনোস।

৮৪তম মিনিটে দ্বিতীয় গোলও পেতে পারতো প্যালেস। কিন্তু ইয়োর্গেন স্ত্রান্দ লার্শেনের কোনাকুনি শট দূরের পোস্টে লেগে ফিরে আসে। বেঁচে যায় লিভারপুল। ফল নিয়ে অনিশ্চয়তা যা ছিল, তা সাত মিনিট যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে শেষ করে দেন ভিয়েৎস। ডি-বক্সে মাক আলিস্তেরের ছোট পাস পেয়ে জোরাল শটে গোলটি করেন জার্মান তারকা। ৩৩ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে প্যালেস।

এবি/টিএ

মন্তব্য করুন