© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দলকে ভারসাম্যপূর্ণ বলছেন লিটন, টেলএন্ডারদের ব্যাটিংয়ে ‘ভূমিকা’ রাখার পরামর্শ

শেয়ার করুন:
দলকে ভারসাম্যপূর্ণ বলছেন লিটন, টেলএন্ডারদের ব্যাটিংয়ে ‘ভূমিকা’ রাখার পরামর্শ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৬ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
সময়ের পরিক্রমায় টি-টোয়েন্টি ক্রিকেটে আমুল পরিবর্তন এসেছে। ব্যাটিং এবং বোলিংয়ে আগ্রাসী মনোভাবই যেন এই ফরম্যাটে এখন মূলকথা। বাংলাদেশ বরাবরই এই ফরম্যাটে হাল ধরতে ব্যর্থ হয়ে এলেও গত বছর থেকেই খেলোয়াড়দের মনোভাবে কিছুটা পরিবর্তন এসেছে। লিটন দাসের বর্তমান দলটা আগের চেয়ে অনেকটাই বেশি আগ্রাসী। লিটন নিজেও বর্তমান দলটাকে মনে করছেন ভারসাম্যপূর্ণ। তবে তাতে পরিতৃপ্ত না হয়ে আরও ভালো করার উপায় খুঁজছেন টাইগার অধিনায়ক।

লিটনের মতে, টি-টোয়েন্টিতে ভালো করতে হলে লোয়ার মিডল অর্ডার এবং টেলএন্ডারদেরও অবদান রাখতে হবে। বড় দলগুলোর উদাহরণ টেনে তিনি জানান, এই একটা জায়গায় ভালো করতে পারলে ওপরের দিকের ব্যাটাররা আরও আগ্রাসী ক্রিকেট খেলতে পারবে।

সাগরিকায় আগামীকাল (২৭ এপ্রিল) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। সিরিজ শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে কথা বলেন লিটন৷

দলের অবস্থা নিয়ে তিনি বলেন, ‘আমাদের এই দলে জেনুইন ছয়টা ব্যাটার সবসময় খেলে। রিশাদ এবং শেখ মেহেদী দুজনেই ব্যাটিং করতে পারে। পেস বোলারদের ভেতরে সাকিব আছে, সাইফউদ্দিন আছে। সাকলাইনও এখন নতুন এসেছে। সবমিলিয়ে খুবই একটা ভারসাম্যপূর্ণ দল আমার কাছে মনে হয়।’



তবে উন্নতির জায়গা দেখছেন লিটন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হয়। সেখানে দুই-একটা উইকেট দ্রুত পড়বেই। আমাদের মূল চিন্তা হলো শেখ মেহেদী, নাসুম বা রিশাদ; যারা স্পিন করে, তাদের কাছ থেকে যদি আমরা ব্যাটিংটা পাই এবং অলরাউন্ডাররা ব্যাটিংটা দিতে পারে, তাহলে একটা হেলদি ব্যাটিং অর্ডার তৈরি হয়। বড় দলগুলোতে ৯ নম্বর পর্যন্ত ব্যাটিং ডেপথ থাকে। আমরা যদি সেই ডেপথ তৈরি করতে পারি, তবে আমাদের ওপরের ব্যাটাররা আরও ফ্রিলি গেম খেলতে পারবে।’

ব্যাটিং ডেপথের বিষয়টি ধীরে ধীরে সমাধানের পথে এগোচ্ছে দল, এমনটা জানিয়ে লিটন বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে যে পাঁচজন বোলার আমরা ধরছি, তার মধ্যে শরীফুল আর রিপন মন্ডল বাদে বাকিরা মোটামুটি ব্যাটিং পারে। তারা যদি পাঁচ-ছয় রান করে দিতে পারে, তাহলেই হবে। আমরা যে দলটা তৈরির চেষ্টা করছি, তারা যদি নিজেদের মতো পারফর্ম করতে পারে তবে এই সমস্যা থাকবে না।’

টিজে/টিকে 

মন্তব্য করুন