লঙ্কান ক্রিকেটে নতুন নীতি: জিতলে বোনাস, হারলে জরিমানা!
ছবি: সংগৃহীত
০৯:২৮ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) তাদের জাতীয় দলের খেলোয়াড়দের জন্য নতুন ধরনের একটি চুক্তির নিয়ম তৈরি করেছে। এই নতুন নিয়মে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পারফরম্যান্স বা খেলার ফলাফলের ওপর। এখন থেকে ক্রিকেটাররা আগের মতো সব দলের বিরুদ্ধে জিতলে বোনাস পাবেন না; বিশেষ বোনাস কেবল তখনই পাওয়া যাবে যদি তারা র্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দলের (১ থেকে ৪ নম্বর দল) বিরুদ্ধে সিরিজ জিততে পারে।
টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে বিদেশের মাটিতে সিরিজ জয়ের জন্য বোনাসের পরিমাণ অনেক বেশি রাখা হয়েছে। যেমন, এক নম্বর দলের বিরুদ্ধে দেশের বাইরে টেস্ট সিরিজ জিতলে দল ১,৫০,০০০ ডলার বোনাস পাবে, কিন্তু ঘরের মাঠে জিতলে সেই অঙ্ক কমে ১,০০,০০০ ডলার হবে। একইভাবে ওয়ানডেতে দেশের বাইরে সিরিজ জিতলে যে টাকা পাওয়া যাবে, দেশের ভেতর জিতলে তার অর্ধেক বোনাস দেওয়া হবে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রে দেশে বা বিদেশে- সবখানেই বোনাসের পরিমাণ সমান রাখা হয়েছে।

খেলোয়াড়দের মধ্যে জয়ের জেদ বাড়াতে বোর্ড হারের জন্য জরিমানার ব্যবস্থা করেছে। যেকোনো ফরম্যাটে সিরিজ হারলে ক্রিকেটারদের ম্যাচ ফি থেকে ১০ শতাংশ টাকা কেটে নেওয়া হবে। আবার ম্যাচ ফির ক্ষেত্রেও জয়ের গুরুত্ব বাড়ানো হয়েছে। টেস্টে জিতলে যেখানে একজন খেলোয়াড় ১৫,০০০ ডলার পাবেন, হারলে পাবেন তার অর্ধেক। একইভাবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও জয়ের জন্য হার বা ড্রয়ের তুলনায় অনেক বেশি টাকা রাখা হয়েছে।
এছাড়া ব্যক্তিগতভাবে কোনো খেলোয়াড় যদি আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে থাকতে পারেন, তবে তিনি আলাদা বোনাস পাবেন। দলের অধিনায়কদের জন্য প্রতিটি ম্যাচে বাড়তি ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। মূলত লঙ্কান ক্রিকেটারদের আরও বেশি জেতানোর মানসিকতা তৈরি করতেই এই নতুন এবং কঠোর আর্থিক কাঠামো সাজিয়েছে বোর্ড। আগামী দুই সপ্তাহের মধ্যে খেলোয়াড়দের হাতে এই চুক্তি তুলে দেওয়া হবে।
সূত্র: দ্য সানডে টাইমস
এসএস/টিএ