© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হংকংকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমস হকির মঞ্চে বাংলাদেশের মেয়েরা

শেয়ার করুন:
হংকংকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমস হকির মঞ্চে বাংলাদেশের মেয়েরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৯ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
চলতি বছর প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপ কাপ ফুটবলে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। এবার এশিয়ান মঞ্চে বাংলাদেশের পতাকা বহন করতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দলও। প্রথমবারের মতো এশিয়ান গেমস হকিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।

চলতি বছরের সেপ্টেম্বরে জাপানের আইচই নাগোয়াতে বসবে এশিয়ান গেমসের আসর। এশিয়ার বৃহত্তম এই ক্রীড়া ইভেন্টে ১৯৭৮ সাল থেকেই অংশ নিচ্ছে বাংলাদেশ। পুরুষ হকিতে শুরু থেকেই খেললেও এবারই প্রথম গেমসের নারী হকি ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।

রোববার (২৬ এপ্রিল) জাকার্তায় এশিয়ান গেমস হকির বাছাইপর্বে হংকং চায়নাকে ২-১ গোলে হারিয়ে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ নারী হকি দল। বাছাই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ নিজেদের গ্রুপের শীর্ষ দুই দলের একটি হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে, সেই সঙ্গে নিশ্চিত করেছে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের টিকিটও।

এশিয়ান হকি ফেডারেশনের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বাছাই পর্ব থেকে ছয়টি দল এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। বাছাই পর্বে প্রথম দুই ম্যাচে ৪ পয়েন্ট পাওয়ায় হংকং চায়নার বিপক্ষে এই ম্যাচের আগে সুবিধাজনক অবস্থানেই ছিল বাংলাদেশ। ম্যাচটি ড্র করতে পারলেই গ্রুপে রানার্সআপ হওয়া নিশ্চিত ছিল। কিন্তু অর্পিতা পালরা জয়েই ইতিহাস গড়েছে।

তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ পয়েন্ট। গ্রুপের শেষ ম্যাচে চাইনিজ তাইপে উজবেকিস্তানকে হারাতে পারলে তাদেরও সমান পয়েন্ট হবে। সেক্ষেত্রে গ্রুপের শীর্ষস্থান নির্ধারিত হবে গোল ব্যবধানের ওপর ভিত্তি করে। ড্র করলে চাইনিজ তাইপে গ্রুপ রানার্সআপ হবে, কিন্তু হেরে গেলে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে বাংলাদেশের সঙ্গী হবে উজবেকিস্তান।

এদিন হংকংই প্রথমে লিড পেয়েছিল। কিন্তু সমতা ফেরায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে কোনো পক্ষই গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারে কনার গোলে এগিয়ে যায় বংলাদেশ। এই লিড ধরে রেখেই গেমসে নিজেদের জায়গা নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।

মেয়েদের সিনিয়র পর্যায়ের হকির কোনো প্রতিযোগিতায় এবারই প্রথম অংশ নিয়েছিল বাংলাদেশ, আর প্রথমবারেই বাজিমাত। বিকেএসপির মেয়েদের নিয়ে গড়া দলটি প্রথম ম্যাচে চাইনিজ তাইপের সঙ্গে দারুণ লড়াই করে ৫-৫ গোলে ড্র করে। পরের ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়ে স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। আজ হংকংকে হারিয়ে জায়গা নিশ্চিত করল লাল সবুজের মেয়েরা।

আইকে/টিএ

মন্তব্য করুন