© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে আর্জেন্টাইন ফুটবলার

শেয়ার করুন:
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে আর্জেন্টাইন ফুটবলার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৪ এএম | ২৭ এপ্রিল, ২০২৬
ইতালির সিরি আ লিগে জেনোয়ার বিপক্ষে ম্যাচে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে নেয়া হয়েছে কোমোর আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজকে। তবে প্রাথমিক পরীক্ষায় গুরুতর কোনো সমস্যা ধরা না পড়ায় স্বস্তির খবর দিয়েছে ক্লাবটি। তথ্য গোল ডটকমের।

রোববার (২৬ এপ্রিল) স্টাদিও লুইজি ফেরারিসে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে জেনোয়ার ডিফেন্ডার আলেসান্দ্রো মারকানদাল্লির সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান ২১ বছর বয়সী এই আর্জেন্টাইন ফুটবলার। আঘাতের পর তিনি এক চোখে ঠিকমতো দেখতে না পারার কথা জানালে দ্রুত তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

কোমোর কোচ সেস্ক ফাব্রেগাস পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিরতির সময় তাকে বদলি করে মাঠে নামান ম্যাক্সেন্স কাকেরে। এরপরই পাজকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে বিস্তারিত পরীক্ষা করা হয়।



ম্যাচ শেষে ফাব্রেগাস জানান, ‘নিকো এখন ভালো আছে, হাসপাতালে তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। সে ঠিকমতো দেখতে পারছিল না, তাই আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি।’ তিনি আরও বলেন, ‘দলের জন্য খেলোয়াড়দের সুস্থতা সবকিছুর ঊর্ধ্বে।’

পরে স্কাই স্পোর্ট ইতালিয়া জানায়, সব ধরনের পরীক্ষায় স্বাভাবিক ফল পাওয়ার পর পাজকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে এবং তিনি দলের সঙ্গে ফিরেছেন। চলতি মৌসুমে পাজ দুর্দান্ত ফর্মে রয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে ১৩টি গোল ও ৮টি অ্যাসিস্ট করে তিনি ইতোমধ্যেই সিরি আ’র অন্যতম প্রতিভাবান তরুণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

এদিকে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ তার ওপর নজর রাখছে এবং আগামী গ্রীষ্মে ৯ মিলিয়ন ইউরোর বাই-ব্যাক ক্লজ ব্যবহার করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন নিয়মিত কনকাশন প্রোটোকল অনুসরণ করে পুরোপুরি সুস্থ হয়ে আবারও মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন নিকো পাজ।

এসকে/টিএ

মন্তব্য করুন