নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে কেমন হবে বাংলাদেশের একাদশ?
ছবি: সংগৃহীত
০২:৫৫ এএম | ২৭ এপ্রিল, ২০২৬
এক সময় বাংলাদেশের ক্রিকেটে স্পিনই ছিল প্রধান অস্ত্র, কিন্তু সময় বদলেছে। এখন তিন ফরম্যাটেই তিন ফাস্ট বোলার নিয়ে মাঠে নামা বাংলাদেশের জন্য নিয়মিত এক চিত্র। সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পেসারদের দাপুটে পারফরম্যান্সে জয়ের পর এবার প্রশ্ন উঠেছে- টি-টোয়েন্টিতেও কি একই ছক বজায় রাখবে টিম বাংলাদেশ?
সোমবার (২৭ এপ্রিল) জয়ের লক্ষ্য নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে টি-টোয়েন্টি ফরম্যাটেও সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
ওয়ানডে সিরিজে বল হাতে ঝলক দেখিয়েছেন দুই পেসার নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান। তিন ম্যাচে ৮ উইকেট শিকার করে সিরিজসেরার পুরস্কার জিতেছেন নাহিদ। আর চোট কাটিয়ে শেষ ওয়ানডেতে ফিরেই পাঁচ উইকেট পান মুস্তাফিক। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে তাদের সঙ্গে অভিজ্ঞ তাসকিনকে বিশ্রাম দেয়ায় পেস বিভাগ সাজাতে নতুন করে ভাবতে হচ্ছে প্রধান কোচ ফিল সিমন্স ও অধিনায়ক লিটন দাসকে।
বাঁহাতি শরিফুল ইসলামের জায়গা একাদশে প্রায় নিশ্চিত। তার সঙ্গী হিসেবে দেখা যেতে পারে তানজিম হাসান সাকিবকে। তবে তৃতীয় পেসার হিসেবে কে খেলবেন, তা নিয়ে চলছে জল্পনা। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ সাইফউদ্দিন অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও তরুণ রিপন মন্ডল কিংবা আবদুল গাফফার সাকলায়েনও আছেন বিবেচনায়।

তিন পেসার নাকি বাড়তি অলরাউন্ডার সেটি নিয়ে ব্যাটিং বিভাগকে শক্তিশালী রাখতে ছয়জন বিশেষজ্ঞ ব্যাটার নিয়ে মাঠে নামার পরিকল্পনা রয়েছে। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের থাকা নিশ্চিত। তিনে অধিনায়ক লিটন দাস এবং চারে পারভেজ হোসেন ইমন। দলের ব্যাটিংয়ের মূল ভরসা তাওহীদ হৃদয় ও ফিনিশার হিসেবে শামীম পাটোয়ারী।
স্পিন বিভাগে অফ-স্পিনার শেখ মেহেদীর সঙ্গী হিসেবে একজন লেগ স্পিনার অথবা একজন বাঁহাতি স্পিনারকে রাখার কৌশল নিতে পারে দল। এক্ষেত্রে রিশাদ হোসেন এবং নাসুম আহমেদের মধ্যে লড়াই হবে। তবে লেগ স্পিনের বৈচিত্র্য বিবেচনায় রিশাদ কিছুটা এগিয়ে থাকতে পারেন।
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন / নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন/রিপন মণ্ডল/আবদুল গাফফার সাকলায়েন।
সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ দল তাদের 'পেস-নির্ভর' আক্রমণাত্মক কৌশল ধরে রাখে কি না, তা এখন দেখার বিষয়।
এসকে/টিএ