ইতালির সাবেক ফুটবলার এখন উবার চালক
ছবি: সংগৃহীত
০৯:৪০ এএম | ২৭ এপ্রিল, ২০২৬
ফুটবল থেকে অবসর নেওয়ার পর জীবন চালাতে গিয়ে অনেকেই অনেক পথে এগোয়, কিন্তু ম্যাক্স টোনেত্তোর গল্পটা একেবারেই ভিন্ন। সাবেক এএস রোমা ও ইতালি জাতীয় দলের এই ডিফেন্ডারকে দেখা গেছে রাইড শেয়ারিং সেবা উবার চালাতে। এখানেই সীমাবদ্ধ নয়, উবার অ্যাপে তার রয়েছে অসংখ্য রাইড এবং একদম নিখুঁত রেটিং!
তবে এর পেছনে লুকিয়ে আছে সুপরিকল্পিত একটি ব্যবসায়িক উদ্যোগ। ইতালির প্রভাবশালী সংবাদমাধ্যম লা রিপাব্লিকা জানিয়েছে, টোনেত্তো আসলে নিজের শফার-চালিত গাড়ি ভাড়া (এনসিসি) ব্যবসা শুরু করেছেন।
এই খাতে কাজ করতে হলে প্রয়োজন নির্দিষ্ট লাইসেন্স ও বাস্তব অভিজ্ঞতা। সেই কারণেই তিনি নিজেই গাড়ি চালিয়ে অভিজ্ঞতা অর্জন করছেন।
নিজের উদ্যোগ নিয়ে টোনেত্তো কোনো বড় ঘোষণা দেননি। বরং নীরবে, একেবারে শুরুর স্তর থেকে কাজ শুরু করে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার পথই বেছে নিয়েছেন তিনি।
উল্লেখ্য, টোনেত্তো তার ক্যারিয়ারে এএস রোমা, ইউসি সাম্পদোরিয়া ও ইউএস লিসের মতো ক্লাবে খেলেছেন। ২০১০ সালে রোমার সঙ্গে চুক্তি নবায়ন না করে তিনি অবসর নেন।
এছাড়া, ২০০৭ সালে ইতালি জাতীয় দলের জার্সিতে খেলেছেন তিনি, যে দলটি তার আগের বছরই বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছিল।
এমআই/টিকে