মদ্যপ অবস্থায় ছাদে ঘুমিয়ে ভাইরাল ম্যানসিটি তারকা, বিতর্কের ঝড়
ছবি: সংগৃহীত
০৭:২৬ পিএম | ২৭ এপ্রিল, ২০২৬
ইংলিশ ফুটবলে ‘পার্টি বয়’ হিসেবে পরিচিতি জ্যাক গ্রিলিশের। রেকর্ড ট্রান্সফার ফি'র বিনিময়ে অ্যাস্টন ভিলা থেকে পেপ গার্দিওলা এই ইংলিশ উইঙ্গারকে ম্যানচেস্টার সিটিতে এনেছিলেন। তবে প্রত্যাশা পূরণে ব্যর্থ গ্রিলিশ সিটি থেকে এখন ধারে এভারটনের হয়ে খেলছেন। ইনজুরির কারণে এই মুহূর্তে মাঠের বাইরে থাকা এই ৩০ বছর বয়সীকে নাকি সম্প্রতি ম্যানচেস্টারের একটি ট্রেন্ডি নাইটস্পটের ছাদে মদ্যপ অবস্থায় ঘুমিয়ে থাকতে দেখা গেছে। যা ইংলিশ ফুটবল অঙ্গনে বিতর্ক তৈরি করেছে।
এক প্রত্যক্ষদর্শী ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’কে জানান, ‘তার বন্ধুরা তাকে জাগানোর চেষ্টা করছিল। নিশ্চয়ই মদই তাকে কাবু করে ফেলেছিল।’
চলতি বছরের ফেব্রুয়ারিতে পায়ের অস্ত্রোপচারের পর থেকে মাঠের বাইরে ৩০ বছর বয়সী গ্রিলিশ। আলোচিত এই ফুটবলারকে ‘স্টোরিজ’ নামের ক্লাবে ঘুমন্ত অবস্থায় ছবি ও ভিডিওতে ধারণ করা হয়।
দ্য সান জানিয়েছে, ১১৭ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি'তে ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া এই ইংলিশ উইঙ্গার গত শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় ওই ক্লাবে ঢোকেন, কিন্তু মাত্র এক ঘণ্টার মধ্যেই ঘুমিয়ে পড়েন।
ওই সাক্ষী বলেন, ‘তার বন্ধুরা তাকে জাগানোর চেষ্টা করছিল। মদই তাকে ধরাশায়ী করেছে।’
চোট থেকে সেরে ওঠার মধ্যেই মার্চের শেষ দিকে গ্রিলিশ তার সতীর্থ জর্ডান পিকফোর্ডের জন্মদিন উদযাপন করতে রোম সফরে গিয়েছিলেন।
গ্রিলিশের পার্টি ও মদ্যপানের ইতিহাস:
ম্যানচেস্টার সিটির হয়ে খেললেও গ্রিলিশের ক্যারিয়ার অনেক সময়ই তার অধারাবাহিক পারফরম্যান্স এবং পার্টি ও মদের প্রতি ঝোঁকের কারণে প্রশ্নের মুখে পড়েছে। ২০২৫ সালের এপ্রিলে, লন্ডনের ওয়েস্ট এন্ডের বিখ্যাত ক্লাব-রেস্টুরেন্ট বাগাতেলে'তে তিনি প্রায় ৬,০০০ ইউরো খরচ করেন এবং তাকে হলিউডের বিখ্যাত সিনেমা ‘ওল্ফ অব ওয়ালস্ট্রিট’ স্টাইলে উদযাপন করতে দেখা যায়।
এর আগে ২০২৩ সালে ম্যানচেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ এবং এফএ কাপ জেতার পর গ্রিলিশ উদযাপনের কেন্দ্রবিন্দুতে ছিলেন। ইবিজা, তুরস্ক এবং ম্যানচেস্টার জুড়ে তার পার্টি করা নিয়ে বিশ্বজুড়ে সংবাদ শিরোনাম তৈরি হয়।

সে সময় গ্রিলিশ বলেছিলেন, ‘আমি কোনো অনুশোচনা করি না, পার্টি করলে আমি এমনই (উন্মত্ত) হই!’
তিনি আরও বলেছিলেন, ‘আমি সাধারণত এমন নই, কিন্তু আমরা ট্রেবল জিতেছিলাম, এটা জীবনে একবারই হয়। তাই আমি উপভোগ করেছি। আমি মদ খাই, পার্টি করি; এটা লুকানোর কিছু নেই। আমি বিশ্বের সেরা ক্লাবে খেলার স্বপ্নে বেঁচেছি।’
ইবিজা বিতর্ক:
২০২৩ সালে গ্রিলিশকে ইবিজায় এক নারীর সঙ্গে নাচতে দেখা যায়, যিনি তার প্রেমিকা শাশা অ্যাটউড ছিলেন না। খবরে বলা হয়, ওই নারীর নাম ডলি এবং তিনি ব্রিটিশ এয়ারওয়েজের একজন স্টুয়ার্ডেস।
লাস ভেগাস কেলেঙ্কারি:
২০২২ সালে লাস ভেগাসে একটি পুল পার্টিতে গ্রিলিশকে তার বন্ধু ও এক অচেনা নারীর সঙ্গে দেখা যায়। সেখানে তারা চারটি বড় আকারের ওয়াইনের বোতল পান করেন, যার প্রতিটির দাম ছিল ৩,৫৬৭ ইউরো।
‘দ্য সান’ জানায়, পরে কিছু মেয়েকে তাদের হোটেল কক্ষে নিয়ে যাওয়া হয়।
গ্রিলিশ ওই সফরে ৯২,৯৯৩ ইউরোর একটি ভিআইপি প্যাকেজ উপভোগ করেন, যার মধ্যে ছিল ১১৬ বোতল শ্যাম্পেনসহ একটি প্রাইভেট রুম। লাস ভেগাসের জৌক নাইটক্লাবেও তাকে এক নারীর সঙ্গে দেখা যায়।
টিজে/এসএন