বাংলাদেশের কোচ হতে চান ব্রাজিলকে অলিম্পিকে স্বর্ণ জেতানো রোজেরিও
ছবি: সংগৃহীত
১০:০৬ পিএম | ২৭ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ নিয়োগ নিয়ে এত হই চই আগে কখনো হয়নি। পুরনো কোচ চলে যান, নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়। এভাবে গত ১০ বছরে ৮ জন বিদেশি বিভিন্ন মেয়াদে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ স্পেনের হ্যাভিয়ের ক্যাবরেরা। আগামী ৩০ এপ্রিল তার চুক্তি শেষ হবে। তার আগেই বাফুফে নতুন কোচের জন্য আবেদন চেয়েছিল। প্রায় পৌনে তিনশ’র মতো আবেদন পড়েছে বাফুফেতে। স্থানীয় কোচদের মধ্যে আবেদন করেছেন কেবল জুলফিকার মাহমুদ মিন্টু।
হ্যাভিয়ের ক্যাবরেরারও আবেদনের সুযোগ ছিল। তবে তিনি আবেদন করেননি। বিশাল তালিকা ছোট করতে বাফুফে চার সদস্যের একটি কমিটি করে দিয়েছে। তারা আবেদন করা কোচদের বায়োডাটা দেখে সংক্ষিপ্ত তালিকা করছে। ৩০ এপ্রিল পর্যন্ত আবেদনের সময় আছে। ততদিন পর্যন্ত এই কমিটি অপেক্ষা করবে। এর মধ্যে তালিকা ২৭ জনে নামিয়ে এনেছে কমিটি।

যারা আবেদন করেছেন তাদের তালিকায় আছেন ব্রাজিলকে অলিম্পিক গেমসে স্বর্ণ জেতানো কোচ রোজেরিও মিচেল। নেইমারের নেতৃত্বে ব্রাজিল প্রথমবার অলিম্পিক পুরুষ ফুটবলে স্বর্ণ জিতেছে ঘরের মাঠে ২০১৬ সালে। ওই দলের ডাগ আউটে ছিলেন সাবেক গোলরক্ষক রোজেরিও।
৫৭ বছর বয়সী রোজেরিও সর্বশেষ মিশর অনূর্ধ্ব-২০ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। লম্বা কোচিং ক্যারিয়ার তার। ব্রাজিল অনূর্ধ্ব-২০ ও ২৩ দলের কোচ ছিলেন। ছিলেন দেশটির অন্যতম শীর্ষ ক্লাব অ্যাথলেটিকো মিনেইরোর কোচও।
বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নিতে হাই প্রোফাইল কোচদের আবেদনের প্রধান কারণ হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ লিগের ক্লাব লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার বাংলাদেশ জাতীয় দলে যোগ হওয়ার পর লাল-সবজুদের দল আলোচিত আন্তর্জাতিক অঙ্গনে। তাই তো অনেক প্রতিষ্ঠিত কোচ বাংলাদেশের দায়িত্ব নিতে চান।
বাফুফেও চাইছে হামজাদের পরিচালনার সামর্থ্য রাখে এমন কোচকেই নিয়োগ দিতে। সেখানে অবশ্য বেতনের চাহিদার একটা বিষয় বড় হয়ে দাঁড়াবে। বাফুফের সাধ্যের মধ্যে না হলে হয়তো সাদামাটা একজন কোচই নিয়োগ হতে পারে হামজা-শামিতদের জন্য।
আইকে/টিএ